মেয়র আরিফ ও গউছের জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ এ এম এস কিবরিয়া হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলার আসামি সিলেট সিটি করপোরেশনের মেয়র (সাময়িক বরখাস্ত) আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌর মেয়র (সাময়িক বরখাস্ত) জি কে গউছের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জ বিচারিক হাকিম আদালত-১-এ তাঁদের পক্ষে আইনজীবীরা জামিনের আবেদন করেন। বিচারক নিশাত সুলতানা শুনানি শেষে আবেদন নামঞ্জুর করেন। মামলার আসামিদের মধ্যে জি কে গউছ, আরিফুল হক চৌধুরী, হরকাতুল জিহাদের নেতা মুফতি আবদুল হান্নান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৪ জন কারাগারে, আটজন জামিনে এবং বিএনপির চেয়ারপারসনের সাবেক রাজনৈতিক উপদেষ্টা হারিছ চৌধুরীসহ ১০ জন পলাতক রয়েছেন। পলাতক আসামিদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশসহ সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
২০০৫ সালে ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যেরবাজারে আওয়ামী লীগের এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন শাহ এ এম এস কিবরিয়াসহ দলটির পাঁচজন নেতা-কর্মী।