মেয়র কামালসহ চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়র আহসান হাবিব কামালসহ বরিশাল সিটি করপোরেশনের চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বুধবার দুপুরে বরিশাল
জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে মামলাটি করেন নগরের সিঅ্যান্ডবি সড়কের বাসিন্দা ব্যবসায়ী মোশারফ হোসেন। তাঁদের বিরুদ্ধে হুমকি, প্রতারণা ও দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। আদালতের বিচারক আনোয়ারুল হক মামলাটি আমলে নিয়ে দুদককে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার অন্য আসামিরা হচ্ছেন বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রণজিৎ কুমার, প্রধান প্রকৌশলী খান মো. নূরুল ইসলাম ও মেয়রের ব্যক্তিগত সহকারী মো. ফরিদ। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৪০ জনকে মামলাটিতে আসামি করা হয়েছে।
মামলায় উল্লেখ করা হয়, আগে থেকে নোটিশ দেওয়া ছাড়া নগরের সিঅ্যান্ডবি চৌমাথা এলাকায় উচ্ছেদ অভিযান চালায় সিটি করপোরেশন। এতে ক্ষতির সম্মুখীন হন ব্যবসায়ীরা। এ ছাড়া উচ্ছেদ অভিযান না চালানোর অনুরোধ করার পরিপ্রেক্ষিতে মোটা অঙ্কের ঘুষ দাবি করার অভিযোগও আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।
এ ব্যাপারে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রণজিৎ কুমার প্রথম আলোকে বলেন, নিয়ম অনুযায়ী উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। আগে থেকে নোটিশও করা হয়েছে। এখান থেকে অবৈধ সুবিধা নেওয়ার প্রশ্নই ওঠে না। মেয়র আহসান হাবিব কামাল বলেন, উচ্ছেদ অভিযান চালানোর আগে নোটিশ দেওয়া হয়। ঘুষ চাওয়া বা অর্থ দাবি করার অভিযোগ ভিত্তিহীন।