মেয়র নাছিরের দুঃখ প্রকাশ ব্যবস্থা নেওয়ার আশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোকচিত্রী জুয়েল শীলের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম এ ঘটনায় জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) প্রতিবাদ সভায় অংশ নেন মেয়র। তিনি চট্টগ্রাম নগর আওয়ামী লীগেরও সাধারণ সম্পাদক।
চট্টগ্রাম প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত সভায় মেয়র আ জ ম নাছির বলেন, ‘অনেকে বলছেন, আপনি শহরের ময়লা পরিষ্কার করছেন, এখন দলের ভেতরে যে আবর্জনা আছে সেগুলো পরিষ্কার করেন। কিন্তু আমি একজনকে বাদ দিলে আরেকজন তাকে আশ্রয় দেবে না তার কী নিশ্চয়তা আছে। আশ্রয় দিচ্ছে না? অহরহ দিচ্ছে। যদি আমার পক্ষে সম্ভব হতো তাহলে আমি একজন একজন করে পরীক্ষা-নিরীক্ষা করে, প্রয়োজন হলে রক্ত পরীক্ষা করে তাকে ছাত্রলীগের সদস্য করতাম।’
১৭ ফেব্রুয়ারি দুপুরে চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড়ে পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলোর আলোকচিত্রী জুয়েল শীলের ওপর হামলা করা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলামের নেতৃত্বে এ হামলা হয়।
গতকাল প্রেসক্লাবে মেয়র বলেন, ‘জুয়েল শীলের ওপর হামলার ঘটনায় আপনারা (সাংবাদিকেরা) তিনটি দাবি জানিয়েছেন। এর মধ্যে একটি হচ্ছে পাঁচলাইশ থানায় করা জিডিটিকে (সাধারণ ডায়েরি) মামলা হিসেবে নেওয়া। আদালতের অনুমতি নিয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আমিও থানার ওসির সঙ্গে কথা বলেছি। তবে ছাত্রত্ব বাতিলের যে দাবি তোলা হয়েছে, সেটি আমার এখতিয়ার নয়। এটি কলেজের একাডেমিক কাউন্সিলের বিষয়। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে আমি সাংগঠনিক বিষয়টির দায়িত্ব নেব।’
মেয়র বলেন, ‘ছেলেটির (রাশেদুল) কোনো না কোনো মানসিক সমস্যা হয়েছে। এটি আমাকে ওর শিক্ষকেরাও বলেছেন। সবকিছুতে সে অস্বাভাবিক আচরণ করছে। আশা করছি, সাংগঠনিক ব্যবস্থা নিলে সে শোধরাবে।’
সিইউজের সভাপতি এজাজ ইউসুফীর প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের (বিএফইউজে) সহসভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার, সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সিইউজের যুগ্ম সম্পাদক শামসুল ইসলাম, প্রাক্তন সভাপতি এম নাসিরুল হক, প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, সহকারী বার্তা সম্পাদক ওমর কায়সার প্রমুখ।