মেয়র নির্বাচনে আর প্রার্থী হবেন না মহিউদ্দিন
ভবিষ্যতে আর মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। গতকাল বুধবার সকালে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সিটি করপোরেশন আয়োজিত সুধী সমাবেশে তিনি এ ঘোষণা দেন। করপোরেশনের ২০১২-১৩ সালের কার্যক্রম নগরবাসীকে অবহিত করতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুধী সমাবেশে বক্তারা চট্টগ্রামের উন্নয়নে সবাইকে দলমত-নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে অতিথির বক্তব্যে এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘আমি আর কোনো মেয়র নির্বাচনে দাঁড়াব না। বর্তমান মেয়র এম মন্জুর আলমের দুই বছর সময় আছে। আসুন, সবাই মিলে চট্টগ্রামের উন্নয়নের স্বার্থে দলমত-নির্বিশেষে যৌথভাবে মেয়রকে সহযোগিতা করি। মিলেমিশে কাজ করলে চট্টগ্রামের খ্যাতি অক্ষুণ্ন থাকবে।’
চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, নগর উন্নয়নে ‘সিটি গভর্নমেন্টের’ প্রস্তাব দিয়েছিলাম। এটি হলে কাজ করা সহজ হতো। তিনি নগরের শিক্ষা, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করতে বর্তমান মেয়রকে আহ্বান জানান।
মেয়র এম মন্জুর আলম বলেন, ‘রাজনৈতিকভাবে আমাদের মধ্যে মতভেদ থাকতে পারে। চট্টগ্রামের উন্নয়নে আমাদের এক হতে হবে।’ সিটি গভর্নমেন্ট বাস্তবায়নে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
সাবেক মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান বলেন, নগর উন্নয়নে যে বরাদ্দ দেওয়া হয়, তা চাহিদার তুলনায় অপ্রতুল। তাই চট্টগ্রামের উন্নয়নের জন্য আলাদা খাত ও আলাদা বাজেট দরকার। তিনিও চট্টগ্রামের উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার ওপর জোর দেন।
সিটি মেয়র এম মন্জুর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সাবেক মন্ত্রী ও সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ সিকান্দর খান, নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতিবিজ্ঞান বিভাগের শিক্ষক আ ন ম মুনির আহমেদ চৌধুরী, নগর পরিকল্পনাবিদ আলী আশরাফ, খুরশীদ জামিল চৌধুরী, সাংবাদিক এসকান্দর আলী চৌধুরী, করপোরেশনের কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী ও মনোয়ার বেগম মনি।