মেয়র পদে আ.লীগ থেকে ছয়জন মনোনয়ন চাইলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তফসিল ঘোষণা না হলেও টাঙ্গাইলের সখীপুর পৌরসভা নির্বাচনে মনোনয়নপ্রত্যাশীদের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদন নেওয়ার কাজ শেষ করে ফেলেছে স্থানীয় আওয়ামী লীগ। গতকাল বুধবার ছয়জন আবেদন জমা দিয়েছেন।
দলের বেঁধে দেওয়া সময়ানুযায়ী গতকাল ছিল মেয়র পদে মনোনয়নপ্রত্যাশীদের আবেদন জমা দেওয়ার শেষ দিন। বিকেল চারটা পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত শিকদারের সই করা আবেদন ফরম ১০ হাজার টাকা দিয়ে কিনে মনোনয়নপ্রত্যাশীরা জমা দেন।
মেয়র পদে মনোনয়নপত্রের আবেদন যাঁরা জমা দিয়েছেন, তাঁরা হলেন বর্তমান মেয়র আবু হানিফ আজাদ, স্থানীয় সাংসদ অনুপম শাহজাহানের চাচা ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুলফিকার হায়দার কামাল, চাচাতো ভাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর তালুকদার, সখীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আহাম্মদ আলী মিয়া, সাধারণ সম্পাদক কাজী বাদল ও উপজেলা যুবলীগের সভাপতি খলিলুর রহমান।