মেয়র পদে উত্তরের কে কত ভোট পেলেন
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আনিসুল হক ৪ লাখ ৬০ হাজার ১১৭ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল পেয়েছেন ৩ লাখ ২৫ হাজার ৮০ ভোট। আজ বুধবার দুপুরের পর রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার ইনস্টিটিউটে সরকারিভাবে উত্তর সিটি করপোরেশনের এ ফলাফল ঘোষণা করেন উত্তরের রিটার্নিং কর্মকর্তা মো. শাহ আলম।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের অন্য মেয়র প্রার্থীদের মধ্যে শেখ মো. ফজলে বারী মাসউদ পেয়েছেন ১৮ হাজার ৫০ ভোট ও মাহী বি চৌধুরী ১৩ হাজার ৪০৭ ভোট পেয়েছেন। এ ছাড়া জোনায়েদ সাকি ৭ হাজার ৩৭০, কাজী মো. শহীদুল্লাহ ২ হাজার ৯৬৮, বাহাউদ্দিন আহমেদ ২ হাজার ৯৫০, আবদুল্লাহ আল ক্বাফী ২ হাজার ৪৭৫, নাদের চৌধুরী ১ হাজার ৪১২, এ ওয়াই এম কামরুল ইসলাম ১ হাজার ২১৬, মো. জামান ভূঞা ১ হাজার ১৪০, মোয়াজ্জেম হোসেন খান মজলিশ ১ হাজার ৯৫, মো. সামছুল আলম চৌধুরী ৯৮২, শেখ শহিদুজ্জামান ৯২৩, চৌধুরী ইরাদ আহম্মদ সিদ্দিকী ৯১৫, মো. আনিসুজ্জামান খোকন ৯০০ ভোট পেয়েছেন।
উত্তরের রিটার্নিং কর্মকর্তা মো. শাহ আলম জানান, মেয়র প্রার্থীদের গড় ভোট প্রদানের হার ৩৭ দশমিক ৩০ শতাংশ।