গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন গতকাল সোমবার দুই জোটের দুই নেতা তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এখন মেয়র প্রার্থীর সংখ্যা দাঁড়াল ছয়ে।
১৪-দলীয় জোটের শরিক দল জাতীয় পার্টির (এ) কাজী মাহমুদ হাসান ও ১৮-দলীয় জোটের শরিক সম্মিলিত ইসলামী ঐক্যজোটের নেতা মো. ফজলুর রহমান গতকাল মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
অপরদিকে ১০ জুন নির্বাচন কমিশনে বাছাই পর্বে বাতিল হওয়ার পর আদালতের রায়ে গত রোববার প্রার্থিতা ফিরে পেয়েছেন মো. জাহাঙ্গীর আলম।
মেয়র পদপ্রার্থীরা হলেন আওয়ামী লীগ-সমর্থিত আজমত উল্লা খান, বিএনপি-সমর্থিত এম এ মান্নান, সম্মিলিত নাগরিক কমিটির পক্ষে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা জাহাঙ্গীর আলম, জাতীয়তাবাদী প্রজন্ম দলের মেজবাহ উদ্দিন রুবেল সরকার, স্বতন্ত্র মো. আমান উল্লাহ ও রীনা সুলতানা।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মতিয়ার রহমান জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন গতকাল সোমবার দুই মেয়র পদপ্রার্থী ছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ৩৫ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে একজন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। নির্বাচন হবে আগামী ৬ জুলাই।