হবিগঞ্জের পাঁচটি পৌরসভা নির্বাচনে ভোটাররা ভোট গ্রহণের দু-এক দিন আগে কাকে ভোট দেবেন, সে সিদ্ধান্ত নেবেন। তবে তাঁরা দলের প্রার্থীর চেয়ে ভালো মানুষ ও যোগ্য প্রার্থীকে মেয়র হিসেবে বেছে নেবেন।
গত মঙ্গলবার হবিগঞ্জ, নবীগঞ্জ, শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট ও মাধবপুরের ভোটারদের কাছে কেমন মেয়র প্রার্থী চান—জানতে চাইলে ভোটাররা এভাবে তাঁদের প্রত্যাশার কথা জানান। তবে অধিকাংশ ভোটারই সুষ্ঠু নির্বাচন নিয়ে তাঁদের শঙ্কার কথা জানিয়েছেন। হবিগঞ্জ ও নবীগঞ্জ পৌরসভায় ত্রিমুখী প্রতিযোগিতা হলেও অপর তিনটি পৌরসভায় মূল প্রতিদ্বন্দ্বিতা আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে।
হবিগঞ্জ পৌরসভা: প্রথম শ্রেণির এ পৌরসভার ভোটাররা বলেন, তাঁরা সুষ্ঠু নির্বাচন চান। বিষয়টি নিয়ে তাঁরা ভাবছেন। অতীতে অনেক নির্বাচনের উদাহরণ টেনে এবারের নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন ভোটার রফিক আহমেদ। তিনি বলেন, এবার এ ধরনের লক্ষণ দেখা দিলে ভোটাররা কেন্দ্রে যেতে ভরসা পাবেন না।
অপর ভোটার পিন্টু চৌধুরী বলেন, এ পৌরসভায় তিনি বিএনপি ও আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমানের ত্রিমুখী প্রতিযোগিতা দেখতে পাচ্ছেন।
হবিগঞ্জ পৌরসভায় মেয়র পদে মোট প্রার্থী পাঁচজন। তাঁরা হলেন আওয়ামী লীগের আতাউর রহমান ওরফে সেলিম, বিএনপির জি কে গউছ, স্বতন্ত্র মিজানুর রহমান ওরফে মিজান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুল কাইউম ও ন্যাশনাল পিপলস পার্টির আবদুল কাদির।
বিএনপির প্রার্থী ও কারাগারে থাকা জি কে গউছের ছেলে মঞ্জুরুল কিবরিয়া ওরফে প্রীতম সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন।
পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমানও শঙ্কিত সুষ্ঠু নির্বাচন নিয়ে।
নবীগঞ্জ পৌরসভা: ভোটাররা বলেন, ভেবেচিন্তে তাঁরা ভোট দিতে চান। তাঁদের এ পৌরসভা প্রথম শ্রেণির হলেও উন্নয়নের ক্ষেত্রে প্রথম শ্রেণির আওতায় আসেনি। তাঁরা দু-এক দিন আগে ভেবেচিন্তে ঠিক করবেন, কাকে ভোট দেবেন। এ পৌরসভায় মেয়র পদে প্রার্থী আছেন পাঁচজন। তাঁরা হলেন বর্তমান মেয়র ও আওয়ামী লীগের প্রার্থী তোফাজ্জল ইসলাম চৌধুরী, বিএনপির প্রার্থী ছাবির আহমদ চৌধুরী, লন্ডনপ্রবাসী ও স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম রানা, জাতীয় পার্টির মাহমুদ চৌধুরী ও অপর লন্ডনপ্রবাসী জুবায়ের আহমদ চৌধুরী।
ভোটার কায়সার আহমেদ ওরফে সুপন বলেন, প্রবাসী-অধ্যুষিত এ পৌরসভায় প্রথম শ্রেণির হলেও এখানে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। যে কারণে দুজন যুক্তরাজ্যপ্রবাসী নির্বাচন করছেন। বিএনপির প্রার্থী ছাবির আহমদ চৌধুরী বলেন, তিনি তাঁর অভিজ্ঞতা কাজে লাগিয়ে এ পৌরসভার উন্নয়ন করতে চান। ভোটাররা সুযোগ দিলে মডেল পৌরসভা গড়ে তুলবেন।
শায়েস্তাগঞ্জ পৌরসভা: পৌরসভার মানুষের ক্ষোভ হলো, আরও ৮-১০টি পৌরসভার যেভাবে উন্নয়ন হয়েছে, এ পৌরসভার সেভাবে হয়নি।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, এ পৌরসভায় বর্তমান মেয়র ও বিএনপির প্রার্থী ফরিদ আহমেদ ওরফে অলি, আওয়ামী লীগের ছালেক মিয়া, স্বতন্ত্র আতাউর রহমান, আবদুল মজিদ, জালাল উদ্দিন, আবদুর রকিব ও ন্যাশনাল পিপলস পার্টির খালেদা বেগম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চুনারুঘাট পৌরসভা: নির্বাচনে মেয়র পদে এলাকাবাসী একজন ভালো মানুষকে ভোট দিতে চান। তাঁরা পেশিশক্তির মূল্যায়ন না করে যোগ্যতার ভিত্তিতে বেছে নেবেন পৌরসভার মেয়র।
এখানে মেয়র পদে বর্তমান মেয়র ও বিএনপির প্রার্থী নাজিম উদ্দিন ওরফে শাসছু ও আওয়ামী লীগের প্রার্থী সাইফুল আলম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মাধবপুর পৌরসভা: পৌরসভার ভোটারদের মধ্যে মেয়র পদে নির্বাচন নিয়ে তেমন আগ্রহ নেই। তবে ভোটাররা মেয়র হিসেবে সৎ ও যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন। এ পৌরসভায় বর্তমান মেয়র ও আওয়ামী লীগের প্রার্থী হিরেন্দ্র
লাল সাহা ও বিএনপির প্রার্থী হাবিবুর রহমান মানিকের মধ্যে লড়াই হবে।