মেয়র পদের ১২, কাউন্সিলর পদের ৬৯ জনের বিরুদ্ধে মামলা রয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দেওয়া ব্যক্তিদের মধ্যে ১২ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। এ ছাড়া ২০টি ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দেওয়া ব্যক্তিদের মধ্যে ৬৫ জনের বিরুদ্ধেও ফৌজদারি মামলা রয়েছে। সংরক্ষিত ১৯টি কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দেওয়া নারীদের মধ্যে চারজনের বিরুদ্ধে মামলার তথ্য পেয়েছে পুলিশ।
গতকাল বুধবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এসব তথ্য জানান মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। তিনি বলেন, নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী গতকাল এসব ব্যক্তির তথ্য নিয়ে দুই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দিয়েছে পুলিশ। তবে এখন পর্যন্ত চাহিদা অনুযায়ী সব তথ্য সংগ্রহ শেষ করতে পারেনি পুলিশ।
মনিরুল ইসলাম জানান, মেয়র পদে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দেওয়া যে ১২ জনের বিরুদ্ধে মামলার তথ্য মিলেছে, তাঁদের কারও বিরুদ্ধে কয়েকটি আবার কারও বিরুদ্ধে দুটি বা একটি মামলার তথ্য মিলেছে। এসব মামলার কোনোটি তদন্তাধীন, কোনোটির অভিযোগপত্র হয়েছে। ২০টি ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী হতে ইচ্ছুক ব্যক্তিদের মধ্যে ৬৫ জনের বিরুদ্ধে বিভিন্নসংখ্যক মামলা রয়েছে। সংরক্ষিত ১৯টি পদের ক্ষেত্রে চারজনের বিরুদ্ধে মামলা রয়েছে। যাঁদের তথ্য ইতিমধ্যে দেওয়া হয়েছে, তাঁদের বিরুদ্ধে আরও মামলা থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে। কারও কারও গ্রামের বাড়ির ঠিকানায় মামলা থাকতে পারে, আবার দুর্নীতি দমন কমিশনের মামলাও থাকতে পারে। এগুলো যোগ করে সংখ্যা আরও বাড়তে পারে। পুলিশ শুধু মামলার এজাহারভুক্ত আসামির তথ্য দিয়েছে। তবে এজাহারে নাম না থাকলেও যাঁদের বিরুদ্ধে কোনো মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে, সেই তথ্য এখানে নেই।
জানতে চাইলে মনিরুল বলেন, ‘যাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে কিন্তু জামিন নেননি কিংবা তদন্তকারী কর্মকর্তা মনে করেন, ওই মামলার অভিযোগের সঙ্গে তাঁর সম্পৃক্ততা রয়েছে, সে রকম আসামিকে আমরা গ্রেপ্তার করব। তবে কতজন জামিন ছাড়া রয়েছেন, এটি সুনির্দিষ্ট করে বলা সম্ভব নয়। পুলিশ বাকি ওয়ার্ডগুলোর তথ্যও সংগ্রহ করছে।’