মেয়র প্রার্থীকে নিয়ে মসজিদের ভিত্তি স্থাপন করলেন সাংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সারিয়াকান্দি পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীকে সঙ্গে নিয়ে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের আওয়ামী লীগের সাংসদ আবদুল মান্নান নির্বাচনী এলাকার একটি মসজিদের ভিত্তি স্থাপন করেছেন। এ সময় তিনি দুই লাখ টাকা অনুদানের ঘোষণা দিয়েছেন।
কইয়েরপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি আবুল কাশেম বলেন, শুক্রবার বাদ জুমা সাংসদ মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে আসেন। মেয়র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর শাহীও তাঁর সঙ্গে ছিলেন। এ সময় সাংসদ মসজিদ নির্মাণে দুই লাখ টাকা অনুদান প্রদানের প্রতিশ্রুতি দেন।
বিএনপি-সমর্থিত প্রার্থী টিপু সুলতান দাবি করেন, আচরণবিধির তোয়াক্কা না করে আওয়ামী লীগের প্রার্থী আলমগীর শাহী সুমন প্রতিদিনই ভোটারদের প্রভাবিত করতে এ ধরনের নানা বিতর্কিত কর্মকাণ্ড করছেন। তাঁর লোকজন ধানের শীষের কর্মীদের হুমকি-ধমকি ও ভয়ভীতি দেখাচ্ছেন। এসব বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেও কোনো কাজ হচ্ছে না।
সারিয়াকান্দির রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রত্যয় হাসান বলেন, আওয়ামী লীগের প্রার্থী একাধিক নির্বাচনী অফিস স্থাপন করায় এবং পূর্ব অনুমতি ছাড়াই নির্বাচনী জনসভা করায় ইতিমধ্যে দুই দফায় তাঁকে ৩৫ হাজার টাকা জরিমানা এবং লিখিতভাবে সতর্ক করা হয়েছে। এর বাইরে তিনি কোনো মসজিদের ভিত্তিস্থাপন অনুষ্ঠানে যোগদান করেছেন কি না, সেটা জানা নেই। কেউ লিখিত অভিযোগ করলে প্রমাণ সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল শনিবার সকাল সাড়ে আটটায় সারিয়াকান্দি পৌর শহরের যমুনা পাড়ের কালীতলা গ্রোয়েনের ছোট্ট বাজারে গিয়ে দেখা গেছে, বাজারের চায়ের দোকানগুলো সরগরম। প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে সর্বত্র। কিন্তু নেই শুধু ধানের শীষের পোস্টার। একই অবস্থা পৌর এলাকার কুটিবাড়ি বাজারেও।
সকালে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কইয়েরপাড়া মহল্লায় ধানের শীষের প্রচারণা চালাচ্ছিলেন বর্তমান মেয়র ও বিএনপির প্রার্থী টিপু সুলতান। তিনি বলেন, ‘পাঁচ বছরে আওয়ামী লীগের সাংসদ আমাকে কোনো উন্নয়ন করতে দেননি। পদে পদে বাধা সৃষ্টি করেছেন। তাঁর ষড়যন্ত্রে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। উচ্চ আদালতে আপিল করে আমি প্রতিদ্বন্দ্বিতায় ফিরেছি। এখন আমার লোকজনকে ভয়ভীতি দেখানো হচ্ছে। ব্যালট কেটে জোর করে নৌকাকে বিজয়ী করা হবে বলে প্রচার করা হচ্ছে।’
টিপু সুলতান বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থী আচরণবিধির তোয়াক্কা করছেন না। এই মহল্লার মসজিদ নির্মাণে অনেক আগেই আমি দুই লাখ টাকা দিয়েছি। ভোটারদের প্রভাবিত করতে আওয়ামী লীগের সাংসদ নৌকা মার্কার প্রার্থীকে সঙ্গে নিয়ে শুক্রবার মসজিদের ভিত্তি স্থাপন করতে এসে দুই লাখ টাকা অনুদানের ঘোষণা দিয়েছেন।’
সাংসদ আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, ‘সপ্তাহে শুক্রবার ও শনিবার নির্বাচনী এলাকার মসজিদ-মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণসহ সামাজিক নানা অনুষ্ঠানে যোগদান আমার রুটিনকাজ। আমি নির্বাচনী এলাকায় গেছি, কিন্তু কোথাও ভোট চাইনি। সারিয়াকান্দি সদরের কইয়েরপাড়া জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গেলে সেখানে আমার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মেয়র প্রার্থী আলমগীর শাহী। সেখানে তিনি কারও কাছে ভোটও চাননি।’
আওয়ামী লীগের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর শাহীর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।