জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থীদের নির্বাচনী ইশতেহার চাইছেন পৌর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নির্বাচিত হলে আগামী পাঁচ বছর তাঁরা কী কাজ করবেন, তা-ই জানতে চান তাঁরা।
মেয়র প্রার্থীরা নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে পারবেন কি না, তা জানতে চাইলে রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মো. শাহনেওয়াজ গত শনিবার বলেন, ‘নির্বাচনী আচরণবিধির বাইরে কিছু করা যাবে না। এ ব্যাপারে আচরণবিধিতে স্পষ্ট কিছু লেখা নেই।’
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, আক্কেলপুর পৌরসভা নির্বাচনে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে মেয়র পদে ছয়জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৯ জন নারী প্রার্থী আছেন। বাছাইয়ে সবার মনোনয়নপত্র বৈধ হয়।
ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা প্রতীক বরাদ্দ না পেলেও কোমর বেঁধে মাঠে নেমেছেন। মনোনয়নপত্র বৈধতা পাওয়ার পর থেকেই গণসংযোগ ও প্রচারণার মাত্রা বেড়েছে। প্রার্থীরা প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত ভোটারদের বাড়ি বাড়ি চষে বেড়াচ্ছেন। প্রার্থীরা ভোটারদের বিভিন্ন উন্নয়ন ও সম্ভাবনার কথা শোনাচ্ছেন। তবে অধিকাংশ ভোটারই প্রার্থীদের মৌখিক কথায় বিশ্বাসী নন। প্রার্থীদের কাছে তাঁরা নির্বাচনী ইশতেহার চান।
পৌরসভার রাজকান্দা মহলার বাসিন্দা আক্কেলপুর ফজরউদ্দিন (এফইউ) পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আবদুস ছালাম মণ্ডল বলেন, মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা বিভিন্ন উন্নয়ন ও সম্ভাবনার কথা বলছেন। কিন্তু নির্বাচিত হলে তাঁরা এসব প্রতিশ্রুতির কথা আর মনে রাখেন না। নির্বাচনের আগেই কোন প্রার্থী কী করবেন, তার ইশতেহার চাই।
স্টেশন সড়কের ব্যবসায়ী মোনেম হোসেন বলেন, মেয়র ও কাউন্সিলর নির্বাচিত হলে আগামী পাঁচ বছর তাঁরা কী কাজ করবেন, তা জনসমক্ষে প্রকাশ করতে হবে। পুরানো বাজার ফকির পাড়া মহল্লার বাসিন্দা ট্রাকচালক মিঠু বলেন, প্রার্থীদের নির্বাচনী ইশতেহার থাকলে জবাবদিহি করা যায়।
আওয়ামী লীগের দলীয় মেয়র প্রার্থী গোলাম মাহফুজ চৌধুরী বলেন, ‘পৌরবাসীর মতামতের ভিত্তিতে আমরা নির্বাচনী ইশতেহার করতে চাই। তাঁদের মতামত নেওয়ার জন্য দলের পক্ষ থেকে পৌর শহরের চারটি স্থানে ডাকবাক্স দেওয়া হয়েছে।’
বিএনপির মনোনীত প্রার্থী রেজাউল করিম প্রথম আলোকে বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না হলে অবশ্যই ইশতেহার ঘোষণা করা হবে। স্বতন্ত্র প্রার্থী আলমগীর চৌধুরী বাদশাসহ অন্য স্বতন্ত্র প্রার্থীরাও একই কথা বলেন।