মেয়র প্রার্থীর একজন ষষ্ঠ ও দুজন অষ্টম শ্রেণি পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের ভেদরগঞ্জ পৌরসভা নির্বাচনে তিনজন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগের প্রার্থী আবদুল মান্নান হাওলাদার, বিএনপির প্রার্থী বি এম মোস্তাফিজ ও স্বতন্ত্র প্রার্থী তানিয়া বেগম। হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী তাঁরা কেউই মাধ্যমিকের গণ্ডি পার হতে পারেননি।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র আবদুল মান্নান হাওলাদার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। হলফনামায় শিক্ষাগত যোগ্যতার স্থানে তিনি সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাস লিখেছেন। বিএনপির মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বি এম মোস্তাফিজ। তিনিও অষ্টম শ্রেণি পাস। স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তানিয়া বেগম। তিনি ষষ্ঠ শ্রেণি পাস।
স্বতন্ত্র মেয়র প্রার্থী তানিয়া বেগম বলেন, ‘মানুষের সেবা করাটাই প্রধান লক্ষ্য। সে ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতাটা বড় বিষয় নয়। আরও পড়ালেখা জানা থাকলে ভালো হতো। মানুষ যদি ভোট দিয়ে নির্বাচিত করে, তা হলে মনপ্রাণ দিয়ে তাদের জন্য কাজ করব।’
বিএনপির প্রার্থী বি এম মোস্তফিজ বলেন, ‘নানা সীমাবদ্ধতার কারণে পড়ালেখা করা সম্ভব হয়নি। ছোটবেলা থেকে রাজনীতিতে জড়িয়ে পড়ি। মানুষের জন্য উন্নয়নের কাজ করতে হলে জনপ্রতিনিধি হওয়া প্রয়োজন। তাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। মানুষের জন্য কাজ করতে শিক্ষাগত যোগ্যতা বাধা হয়ে দাঁড়াবে না।’
আওয়ামী লীগের প্রার্থী আবদুল মান্নান হাওলাদার বলেন, ‘পাঁচ বছর সফলভাবে পৌরবাসীর জন্য কাজ করেছি। লেখাপড়া কম জানলেও কোনো সমস্যা হয়নি। সততা, দক্ষতা ও মানুষের প্রতি ভালোবাসাই এ কাজ করতে আমাকে সহায়তা করেছে।’
রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল আহমেদ বলেন, শিক্ষিত মানুষ নির্বাচিত হলে কাজ করতে সুবিধা হয়। পড়ালেখা কম জানলেও তাঁর কর্মদক্ষতা, যোগ্যতা থাকলে কাজ করতে অসুবিধা হবে না। যাঁরা মেয়র পদে নির্বাচিত হবেন, তাঁরা অবশ্যই তাঁদের মেধা ও যোগ্যতা দিয়ে পৌরবাসীর সেবা করবেন।