মেয়র প্রার্থীর পক্ষে প্রতি ওয়ার্ডে নাগরিক কমিটি গঠনের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের বর্ধিত সভায় নগরের নয়টি সাংগঠনিক থানায় নির্বাচনী কার্যালয় খোলা এবং প্রতিটি ওয়ার্ডে নাগরিক কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে মোমিন রোডের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত বর্ধিত সভা হয়।
সভায় নগর আওয়ামী লীগের সব সদস্য, নয়টি সাংগঠনিক থানা ও ৪১টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন। এতে মেয়র প্রার্থী আ জ ম নাছিরের পক্ষে কাজ করার কৌশল নিয়ে আলোচনা হয়।
বর্ধিত সভায় সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ও নগর আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইসহাক মিয়া। নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন ছাড়াও সহসভাপতি আফছারুল আমীন, খোরশেদ আলম সুজন ও আলতাফ হোসেন বাচ্চু এবং যুগ্ম সম্পাদক বদিউল আলম সভায় বক্তব্য দেন।
খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, ‘গত নির্বাচনে আমরা মেয়র পদটি হারিয়েছিলাম। সেটা আমাদের জন্য লজ্জাজনক ছিল। সেই লজ্জা ঘুচিয়ে কাজ করার সুযোগ এসেছে। দল-সমর্থিত প্রার্থীকে জয়ী করার জন্য গতকালের সভায় বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে।’
বৈঠক সূত্রে জানা গেছে, প্রতিটি ওয়ার্ডে ১০১ সদস্যের নাগরিক কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়। এই কমিটি ওয়ার্ডে মেয়র প্রার্থীর পক্ষে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবে। একইভাবে প্রতিটি থানায়
নির্বাচনী কার্যালয় তৈরি এবং কেন্দ্রভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে ৪ এপ্রিল মহানগর আওয়ামী লীগের কাছে জমা দিতে বলা হয়েছে।