মেয়র প্রার্থীর বিরুদ্ধে বিধি ভঙ্গের অভিযোগ, কাউন্সিলর প্রার্থীকে দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার পৌরসভায় ওয়ার্কার্স পার্টির মেয়র পদপ্রার্থী সৌমিত্র দেব আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলেছেন। নেত্রকোনার কেন্দুয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের এক কাউন্সিলর প্রার্থীকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সৌমিত্র দেব গত রোববার মৌলভীবাজার পৌরসভার রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। এতে তিনি বলেন, তাঁর প্রতিদ্বন্দ্বী নৌকা ও ধানের শীষের প্রতীকের প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি মানছেন না। তাঁরা বস্তিগুলোতে কালোটাকা ছড়িয়েছেন। নিয়মিত বড় বড় শোডাউন করছেন। স্লোগান দিয়ে মিছিল বের করছেন। মোটরসাইকেল ও গাড়িবহর নিয়ে শোভাযাত্রা করছেন। গত শনিবার আওয়ামী লীগের প্রার্থী সৈয়ারপুর এলাকায় বিশাল মঞ্চ তৈরি করে জনসভা করেছেন। অজ্ঞাত দুর্বৃত্তরা ওয়ার্কার্স পার্টির এক কর্মীকে মারধর করে পোস্টার ছিনিয়ে নিয়েছে। তাঁরা বাধার সম্মুখীন হচ্ছেন।
মৌলভীবাজার পৌরসভায় আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী ফজলুর রহমান ও বিএনপির অলিউর রহমান নির্বাচন করছেন। অভিযোগের বিষয়ে গতকাল সোমবার তাঁরা বলেন, তাঁরা আচরণবিধি মেনেই প্রচারণা চালাচ্ছেন।
পৌরসভার রিটার্নিং কর্মকর্তা মাসুকুর রহমান সিকদার অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমাদের ম্যাজিস্ট্রেটরা তৎপর আছেন। তাঁদের বলে দেওয়া হয়েছে। তাঁরা ব্যবস্থা নেবেন।’
কেন্দুয়া উপজেলা কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম আবদুস সালাম চৌধুরী বলেন, কেন্দুয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোফাজ্জল হোসেনকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিধিবহির্ভূতভাবে পোস্টার লাগানোর দায়ে গতকাল সন্ধ্যায় আদালত তাঁকে এ দণ্ড দেন।