হাইকোর্টের নির্দেশে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ভবনের নির্মাণকাজ স্থগিত করে দিয়েছে জেলা প্রশাসন। গতকাল বুধবার সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদত হোসেন ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করেন।
এ ব্যাপারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, ‘হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী মেয়রের বাংলোর নির্মাণকাজ স্থগিত করে দেওয়া হয়েছে। হাইকোর্ট ৭ ডিসেম্বর এ নির্দেশনা দেন। আমরা মঙ্গলবার এ নির্দেশনা পেয়ে আজ (বুধবার) করপোরেশনের তত্ত্বাবধায়কের মাধ্যমে নির্মাণকাজ স্থগিত করে দিয়েছি।’
তবে সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোছাইন বলেন, ‘প্রায় এক মাস ধরে বাংলোর নির্মাণকাজ বন্ধ রয়েছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের জন্য আবেদন করেছি অন্তত চার মাস আগে। কিন্তু এখনো ছাড়পত্র পাইনি।’
বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ৭ ডিসেম্বর একটি রিটের পরিপ্রেক্ষিতে নগরের টাইগারপাসে মেয়রের ভবন নির্মাণের ওপর এক সপ্তাহের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে ৪ ডিসেম্বর রিটটি করা হয়।
সিটি করপোরেশন গত বছরের সেপ্টেম্বরে পাঁচ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে মেয়র ভবনের নির্মাণকাজ শুরু করেছিল। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়েই করপোরেশন এ নির্মাণকাজ শুরু করে। এ নিয়ে গত বছরের ৩০ সেপ্টেম্বর প্রথম আলোতে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।