মেয়র-ভাগ্যে ধনবান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোলাপগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান মেয়র জাকারিয়া আহমদ। মেয়র হওয়ার পর তাঁর আয় প্রায় ১৪ গুণ বেড়েছে। সম্পদও বেড়েছে কয়েক গুণ। একইভাবে আয় বেড়েছে সিলেটের কানাইঘাট পৌরসভার বর্তমান মেয়র ও আওয়ামী লীগের দলীয় প্রার্থী লুৎফুর রহমানেরও।
মেয়র-ভাগ্যে ধনবান হওয়ার বিষয়টি দুই প্রার্থীর মনোনয়নপত্রের সঙ্গে গতবার ও এবার দেওয়া হলফনামা ঘেঁটে পাওয়া গেছে। ধনবান হওয়ার পাশাপাশি অবশ্য দুই প্রার্থীর দেনাও বেড়েছে।
মেয়র-ভাগ্যে ধনবান হওয়ার ব্যাপারে গোলাপগঞ্জের মেয়র জাকারিয়া আহমদ প্রথম আলোকে বলেন, ‘ব্যাংকে আমার সিসি লোন আছে। লোনের সে টাকা খাটিয়ে আমি ব্যবসার প্রসার করেছি। এ ছাড়া পারিবারিক সম্পদের সুষ্ঠু ব্যবহার করে আমি ব্যবসাকে সম্প্রসারিত করেছি। আর ব্যবসায়িক প্রয়োজনে ব্যাংক থেকে একটি মোটা অঙ্কের সিসি লোন নেওয়ায় দেনা বেড়েছে।’ তবে কানাইঘাটের মেয়র লুৎফুর রহমান দুই মেয়াদের হলফনামা বিশ্লেষণ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
২০০৮ সালে গোলাপগঞ্জ পৌরসভায় মেয়র পদে তৎকালীন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জাকারিয়া আহমদ জয়ী হন। মাধ্যমিক উত্তীর্ণ জাকারিয়া ২০০৮ সালে ছিলেন ভাড়ায় গাড়ি দেওয়ার ব্যবসায়ী। যৌথ মালিকানায় তাঁর স্টেশনারি ব্যবসা ছিল। ২০১৫ সালে এসে তিনি পুরোনো ব্যবসা বদলে রড, সিমেন্ট, ইলেকট্রনিকস সামগ্রী, বিটুমিন বিক্রি ও বালু-পাথর সরবরাহ শুরু করেন।
২০০৮ সালে জাকারিয়ার বার্ষিক আয় ছিল ৯৪ হাজার টাকা। ২০১৫ সালে এসে সে আয় বেড়ে দাঁড়িয়েছে ১৪ লাখ ৫২ হাজার ২৩৬ টাকায়। ২০০৮ সালে জাকারিয়ার ৯ লাখ ৪০ হাজার টাকার অস্থাবর সম্পদ ছিল। ২০১৫ সালে তাঁর অস্থাবর সম্পদ হয়েছে ৩২ লাখ ৭৯ হাজার ৬৬৪ টাকা। ২০১৫ সালে তাঁর স্থাবর সম্পদের মধ্যে নয় শতক কৃষিজমি, ১৩ দশমিক ৮৮ শতক অকৃষি জমি ও চারটি দোকান রয়েছে বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে। ২০০৮ সালে জাকারিয়ার ১৯ লাখ টাকার ব্যাংকঋণ থাকলেও ২০১৫ সালে এসে সেই ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪০ লাখ টাকায়।
কানাইঘাট পৌরসভায় প্রথম নির্বাচন হয় ২০১০ সালে। ওই নির্বাচনে তৎকালীন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক লুৎফুর রহমান মেয়র নির্বাচিত হন। উচ্চমাধ্যমিক পাস করা লুৎফুর পেশায় ‘চাষি’। ২০১০ সালে তাঁর বার্ষিক আয় ছিল ৯৮ হাজার টাকা। ২০১৫ সালে সেই আয় বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৮০ হাজার টাকায়। ২০১০ সালে তাঁর স্থাবর সম্পদ ছিল ১০ বিঘা কৃষিজমি, তিন বিঘা অকৃষি জমি, দুটি দোকান, তিন বিঘা জমির বাড়ি এবং অনান্য আরও দুই বিঘা জমিতে বৃক্ষরোপণ ও দুই লাখ টাকা। ২০১৫ সালে তা কমে দাঁড়িয়েছে দুই বিঘা কৃষি ও এক বিঘা অকৃষি জমিতে।