মেয়র মনজুরসহ ৪ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের আদেশ অনুসরণ না করায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মনজুর আলমসহ চারজনের বিরুদ্ধে আজ বুধবার আদালত অবমাননার রুল দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদকে এ বিষয়ে ব্যাখ্যা জানাতে আগামী ১৫ সেপ্টেম্বর আদালতে হাজির হতে বলা হয়েছে।

দুপুরে আদালত অবমাননার অভিযোগে করা এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন।

রুলে আদালত অবমাননার অভিযোগে কেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। সিটি করপোরেশনের মেয়র, প্রধান নির্বাহী, বহদ্দারহাট পৌর মার্কেটের সভাপতি ইউসুফ আলী ও ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ফোর স্টার সিন্ডিকেটের স্বত্বাধিকারী আনোয়ার হোসেনকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

১৪ আগস্ট এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুলসহ বহদ্দারহাট পৌর মার্কেটের নির্মাণকাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। স্বজন সুপার মার্কেটের মালিক হরিপদ বৈষ্ণব ও মার্কেটের দোকান মালিক সমিতির পক্ষে চার ব্যক্তি ওই রিট আবেদনটি করেন।

পরে আদালতের নির্দেশনা অনুসরণ না করার অভিযোগে তাঁরা ২৭ আগস্ট আদালত অবমাননার আবেদনটি করেন।

আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী রায়হানুল মোস্তফা ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

রায়হানুল প্রথম আলোকে বলেন, আদালতের আদেশ উপেক্ষা করে মার্কেটের নির্মাণকাজ অব্যাহত রাখায় আদালত অবমাননার আবেদনটি করা হয়।