মেয়র মান্নান আরেকটি মামলায় গ্রেপ্তার
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মান্নানকে আরও একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল মঙ্গলবার পুলিশ বিস্ফোরক আইনের একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
গাজীপুর আদালত পুলিশের পরিদর্শক রবিউল ইসলাম বলেন, গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম বেগম ফারজানা খানমের আদালতে পুলিশ জয়দেবপুর থানার একটি মামলায় এম এ মান্নানকে গ্রেপ্তারের আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১২ ডিসেম্বর ১৮ দলের হরতাল-অবরোধ চলার সময় গাজীপুরের টেকনগরপাড়া এলাকায় মেসার্স হাওলাদার জেনারেল স্টোরের সামনে পুলিশকে বহনকারী লেগুনা লক্ষ্য করে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরের দিন জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বাদী হয়ে ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা জয়দেবপুর থানার এসআই সৈয়দ আবুল হাসেমের দেওয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঘটনার সঙ্গে মেয়র এম এম মান্নানের সরাসরি জড়িত থাকার বিষয়ে নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত পাওয়া গেছে। এরপর মেয়রকে গ্রেপ্তারের জন্য আদালতের নির্দেশ চান ওই কর্মকর্তা।
মেয়র মান্নানের আইনজীবী মঞ্জুর মোর্শেদ বলেন, জামায়াতের ডাকা হরতালের সময় দায়ের ওই মামলার এজাহারে মান্নানের নাম ছিল না। আগে তাঁর বিরুদ্ধে জয়দেবপুর, শ্রীপুর ও কালিয়াকৈর থানায় মোট আটটি মামলা ছিল। সব মামলায় জামিন পাওয়ার পর ষড়যন্ত্র করে আরেকটি মামলায় তাঁকে ফাঁসানো হয়েছে।
গত ৪ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলার মামলায় ১১ ফেব্রুয়ারি মেয়র মান্নানকে ঢাকার বারিধারার বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।