টাঙ্গাইল পৌরসভার মেয়র সহিদুর রহমান খানসহ তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে দায়ের হওয়া মামলায় অভিযোগপত্রের অনুমোদন দিয়েছে পুলিশ। আজ বুধবার বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্রটি জমা দেওয়া হবে।
অভিযুক্ত মেয়র সহিদুর টাঙ্গাইলের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আমানুর রহমান খানের (রানা) ভাই এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অন্য যে দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হচ্ছে, তাঁরা হলেন মেয়রের ঘনিষ্ঠ সহযোগী কাদের জোয়ার্দ্দার ও মেয়রের দেহরক্ষী হিসেবে পরিচিত নাসিরুদ্দিন নূরু।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গত ৩০ জুলাই কাদেরকে আটক করে। পরে তাঁর বাড়ি থেকে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও তিনটি গুলি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে কাদের স্বীকার করেন, কয়েক মাস আগে শহরের কলেজ পাড়া এলাকায় মেয়রের বাসার বৈঠকখানায় তাঁর সামনেই অস্ত্র দুটি তাঁকে দেন নাসিরুদ্দিন নূরু। ঘটনার দিনই পুলিশ বাদী হয়ে মেয়রসহ তিনজনের বিরুদ্ধে মামলা করে।