মেয়র-সাংসদ সমঝোতায় কাজ ভাগাভাগি হয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংসদ বাহাউদ্দিন ও মেয়র মনিরুল হক
সাংসদ বাহাউদ্দিন ও মেয়র মনিরুল হক

মো. মনিরুল হক (সাক্কু) কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হওয়ার পর গত দেড় বছরে সমঝোতার মাধ্যমে ৪৭ কোটি ৩৫ লাখ ৯৭ হাজার ২৫৫ টাকার কাজ ভাগাভাগি হয়েছে বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, রাজনৈতিকভাবে সাংসদ, মেয়র ও কাউন্সিলররা ভিন্ন মতাদর্শের হলেও কাজ ভাগাভাগির ক্ষেত্রে তাঁরা এককাট্টা। করপোরেশনের কাজের ৩৫ শতাংশ স্থানীয় সাংসদের অনুসারীদের, ৩৫ শতাংশ করপোরেশনের কাউন্সিলরদের এবং বাকি ৩০ শতাংশ মেয়র নিজে তাঁর অনুগত এক ঠিকাদারের নামে নিয়ে নেন।
করপোরেশন সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত নবগঠিত সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুল হক জয়ী হন। ওই বছরের ৬ ফেব্রুয়ারি তিনি মেয়র পদে যোগ দেন। এর পর থেকেই তিনি নগর ভবনের সব কাজ সমঝোতার মাধ্যমে ভাগাভাগি শুরু করেন।
সূত্র আরও জানায়, গত তিন অর্থবছরে সড়ক মেরামত ও সংস্কার, কালভার্ট ও নালা তৈরি, নলকূপ স্থাপন, যন্ত্রপাতি ক্রয় এবং মার্কেট নির্মাণ খাতে ৪০৮টি কাজ ভাগাভাগি হয়। নগর ভবনের ৩১২ জন ঠিকাদারের মধ্যে ২০-২৫ জনকে ১২টি কর্মদিবসে ওই কাজ দেওয়া হয়। এতে করপোরেশন বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়। কাজ পাওয়ার প্রক্রিয়া, মান, স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে নগরবাসীর মনে নানা প্রশ্ন জন্ম নিয়েছে।
করপোরেশনের প্রকৌশল শাখা সূত্রে জানা গেছে, ২০১১-১২ অর্থবছরে পাঁচ কোটি ৫৯ লাখ ৭৯ হাজার ৩১৮ টাকার ৮৯টি কাজের দরপত্র আহ্বান করা হয়। এর মধ্যে ২০১২ সালের ২৩ ফেব্রুয়ারি পাঁচটি, ২ এপ্রিল তিনটি প্যাকেজে ৪২টি এবং ২০ মে আরও ৪২টি কাজ ভাগাভাগি করা হয়। ২০১২-১৩ অর্থবছরে ২৫ কোটি ২১ লাখ ৪৮ হাজার ৫৬৬ টাকার ৩০২টি কাজের দরপত্র আহ্বান করা হয়। এর মধ্যে ২০১২ সালের ১৪ আগস্ট ৭৯টি, ৩০ আগস্ট দুটি, ১৪ অক্টোবর চারটি, ৩ ডিসেম্বর ৭৫টি, ১০ ডিসেম্বর ১২টি এবং ১৭ ডিসেম্বর ৪৪টি কাজ ভাগাভাগি করা হয়। চলতি বছরের ৬ জানুয়ারি একটি এবং ৩ জুন ৮৫টি কাজ ভাগাভাগি হয়। ৬ জানুয়ারি এক কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে নিম্নমানের একটি বুলডোজার ও খননযন্ত্র কেনা হয়। মেয়রের অনুসারী ঠিকাদার ও করপোরেশনের একসময়ের পাম্পচালক মো. বাদল মিয়া এ যন্ত্র কেনার কাজ পান।

সূত্র জানায়, ২০১৩-১৪ অর্থবছরে এ পর্যন্ত ১৬ কোটি ৫৪ লাখ ৬৯ হাজার ৩৭১ টাকার ১৭টি কাজের দরপত্র আহ্বান করা হয়েছে। এসবের মধ্যে ১৮ আগস্ট কুমিল্লা নগরের কান্দিরপাড় সড়কের ওপর মার্কেট নির্মাণের দরপত্র আহ্বান করা হয়। ১৫ কোটি ৩৮ লাখ ১৪ হাজার ৭২৫ টাকা প্রাক্কলিত ব্যয়ে মার্কেটটি নির্মাণের কাজ পায় জামান অ্যান্ড কোম্পানি ও ইসলাম ট্রেডিং করপোরেশন।

নগর ভবনের একাধিক কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী ও ঠিকাদার নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেন, ঠিকাদার মো. বাদল মিয়ার সাতটি প্রতিষ্ঠানকে মেয়র তাঁর নিজের ৩০ শতাংশ কাজ দিয়েছেন। বাদল এন্টারপ্রাইজ, তাঁর স্ত্রীর বিথী এন্টারপ্রাইজ, চাচাতো ভাইয়ের সাইদুল এন্টারপ্রাইজ এবং সিমি অ্যান্ড ব্রাদার্স, ডেল্টা এন্টারপ্রাইজ, আলিম অ্যান্ড কোম্পানি ও গোমতী ট্রেডার্সের নামে ওই কাজ দেওয়া হয়। বাদল মিয়া এসব প্রতিষ্ঠানের কাজের বিলে সই করেন। নগর ভবনের একটি কক্ষে বসে তিনি দরপত্র নিয়ন্ত্রণ করেন।

অভিযোগ সম্পর্কে জানতে বাদল মিয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। পরে জানা যায়, তিনি হজে গেছেন।

সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী ও দরপত্র মূল্যায়ন কমিটির সদস্যসচিব শেখ মো. নূরুল্লাহ বলেন, ‘উন্মুক্ত পদ্ধতিতে দরপত্র না হওয়ায় করপোরেশন বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। অতীতে একটি কাজের বিপরীতে কমপক্ষে ৫০ থেকে ৬০টি দরপত্র বিক্রি হতো। এখন ১০ থেকে ১২টি বিক্রি হয়। ২০ থেকে ২৫ জন ঠিকাদার ঘুরেফিরে কাজ করছেন। একজন ঠিকাদারের সাতটি প্রতিষ্ঠানও রয়েছে। মেয়রের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করে থাকি।’

মেয়র মনিরুল হক বলেন, ‘সব নিয়ম মেনেই দরপত্র-প্রক্রিয়া সম্পন্ন করা হয়। পারিপার্শ্বিক নানা কারণে ঠিকাদারেরা নিজেরাই সমঝোতা করে কাজ ভাগাভাগি করেন। উন্মুক্ত পদ্ধতিতে দরপত্র বিক্রি হলে করপোরেশন লাভবান হতো। বিভিন্ন মহলের চাপে সেটি করা যাচ্ছে না।’

মনিরুল হক আরও বলেন, ‘মেয়র হিসেবে আমি কোনো ঠিকাদারি করতে পারি না। বাদল আমার কোনো কাজ করে না। অন্যের থেকে কাজ কিনে করে থাকে।’

স্থানীয় কুমিল্লা-৬ আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন বলেন, ‘আমার সঙ্গে সিটি করপোরেশনের ঠিকাদারির কোনো চুক্তি নেই। আমার নামে কোনো কাজও বরাদ্দ হয় না। বর্তমানে যাঁরা ঠিকাদারির কাজ করেন, তাঁরা অনেকেই আমার পরিচিত। আমিও একসময় ঠিকাদার ছিলাম। সাংসদ হওয়ায় অনেকেই কাজের জন্য আমার কাছে আসেন। আমি তাঁদের সহযোগিতা করি।’