মেয়র হানিফ উড়ালসড়কে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মেয়র হানিফ উড়ালসড়কে আজ শুক্রবার রাতে মোটরসাইকেলের ধাক্কায় আনোয়ার হোসেন (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। উড়ালসড়কের দক্ষিণ যাত্রাবাড়ী নামার পথে এ দুর্ঘটনা ঘটে।

আনোয়ার হোসেনের বাসা রাজধানীর দক্ষিণখান থানার ফায়দাবাদ এলাকায়। একটি বেসরকারি প্রতিষ্ঠানে তিনি চাকরি করেন।

আনোয়ার হোসেনের বন্ধু মেহেদী হাসান জানান, বিকেলে চার বন্ধু আনোয়ার, হৃদয়, শান্ত ও তিনি দুটি মোটরসাইকেলে ঘুরতে বের হন। বিভিন্ন স্থান ঘুরে তাঁরা মেয়র হানিফ উড়ালসড়কের দক্ষিণ যাত্রাবাড়ীর ঢালে ছবি তুলছিলেন। এ সময় আরেকটি মোটরসাইকেল এসে আনোয়ারকে ধাক্কা দেয়। এতে আনোয়ার সড়কে ছিটকে পড়ে মারাত্মক আহত হন। তাঁরা আনোয়ারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে নয়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর লাশ জরুরি বিভাগের মর্গে রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।