মেয়রদের সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্য 'অশোভন': বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি অনুষ্ঠিত পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী মেয়রদের সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে ‘অশোভন’ বলেছে বিএনপি। গতকাল সোমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শনিবার গণভবনের এক অনুষ্ঠানে পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী প্রার্থীদের প্রধানমন্ত্রী সন্ত্রাসী, দুর্নীতিবাজ ও আন্ডারগ্রাউন্ড পার্টির নেতা বলে আখ্যা দিয়েছেন। তিনি দাবি করেন, এ বক্তব্যের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী বলতে চেয়েছেন, জনগণ দুর্নীতিবাজদের বিজয়ী করেছেন। তিনি জনমতের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, জনগণকে প্রতিপক্ষ করেছেন। সংবাদ সম্মেলনে রিজভী বলেন, নির্বাচনের পর আওয়ামী লীগের বক্তব্য স্ববিরোধী। একদিকে সরকারের মন্ত্রী ও দলের নেতারা বলেছেন, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হয়েছে, জনগণ ভোট দিতে পারে, তা প্রমাণিত হয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রী নির্বাচনে বিজয়ীদের দুর্নীতিবাজ বলছেন। তিনি বলেন, প্রতিহিংসা ও ক্ষমতার অন্ধ চশমা পরে আছেন বলেই প্রধানমন্ত্রী এ ধরনের কথা বলছেন। দুর্নীতি দেখে প্রধানমন্ত্রী কাণ্ডজ্ঞান হারিয়ে উন্মাদের মতো কথাবার্তা বলছেন। সংবাদ সম্মেলনে মানবতাবিরোধী মামলায় গোলাম আযমের বিরুদ্ধে রায় ঘোষণার বিষয়ে কিছু বলতে রাজি হননি রিজভী। তিনি বলেন, ‘এই সংবাদ ব্রিফিং হয়েছে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানাতে। এই বিষয়বস্তুর বাইরে আমরা এখন অন্য কোনো বিষয়ে কথা বলব না।’