মেয়রসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চ আদালতের নির্দেশের পরও অনুমোদনহীন একটি ভবন না ভাঙার কারণে হবিগঞ্জ পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত), নির্বাহী প্রকৌশলী ও সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি হয়েছে।
অভিযুক্ত ব্যক্তিদের আগামী ৫ এপ্রিল সশরীরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, হবিগঞ্জ পৌরসভার রামকৃষ্ণ সড়ক এলাকায় আবদুস শহীদ নামে এক ব্যক্তি একটি তিনতলা ভবন নির্মাণ করেন। তাঁর প্রতিবেশী হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য শ্যামল কান্তি দাস অভিযোগ করেন, ওই ভবনটির কিছু অংশ তাঁর জমিতে পড়েছে। এ বিষয়ে শ্যামল কান্তি দাসের করা মামলার পরিপ্রেক্ষিতে সম্প্রতি আদালত ভবনটি ভেঙে ফেলার নির্দেশ দেন হবিগঞ্জ পৌরসভাকে। পৌরসভা আদালতের নির্দেশনা পালন না করে সময়ক্ষেপণ করে।
এ কারণে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটি বেঞ্চ ১ মার্চ হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র পিয়ারা বেগম, নির্বাহী প্রকৌশলী মধুসূদন দাস, সচিব মো. নুর আলম সিদ্দিকী ও সাবেক সচিব নুর আযম বিন আখতারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন।
পিয়ারা বেগমসহ অভিযুক্ত অন্য ব্যক্তিরা আদালতের এ নির্দেশনা পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন।