ময়মনসিংহের নান্দাইল পৌর নির্বাচনে পাঁচজন মেয়র ও ৩২ জন সাধারণ কাউন্সিলর প্রার্থীদের মধ্যে স্নাতক ডিগ্রিধারী মাত্র দুজন। সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের নগদ অর্থ, স্বর্ণালংকার থাকলেও কোনো স্থাবর সম্পদ নেই। ওয়েবসাইটে দেওয়া প্রার্থীদের হলফনামা ঘেঁটে এসব তথ্য পাওয়া গেছে।
প্রার্থীদের হলফনামা ঘেঁটে দেখা যায়, নান্দাইলে বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী এ এফ এম আজিজুল ইসলাম এসএসসি পাস। তাঁর নগদ ৩৬ লাখ ৯৪ হাজার টাকা আছে। এ ছাড়া ১০ ভরি সোনা, এক লাখ টাকার ইলেকট্রনিকসামগ্রী ও আসবাব রয়েছে। কৃষিজমি আছে দুই একর এবং দালান ও বাড়ি রয়েছে একটি করে। কোনো দায়দেনা নেই।
আওয়ামী লীগের প্রার্থী মো. রফিক উদ্দিন ভূঁইয়া নবম শ্রেণি পাস। পেশায় ব্যবসায়ী। এই খাত থেকে বছরে আয় দেড় লাখ ও কৃষি খাত থেকে ১ লাখ ২২ হাজার টাকা। এ ছাড়া উপহার হিসেবে পাওয়া ৩৫ ভরি সোনা ও ২৫ হাজার টাকা এবং ৫০ হাজার টাকা মূল্যমানের আসবাব ও ইলেকট্রনিকসামগ্রী রয়েছে। ব্যবসায়িক পুঁজি ৮ লাখ ৮ হাজার ৭৭৫ টাকা। কৃষি ৮ দশমিক শূন্য ২ একর ও অকৃষি শূন্য দশমিক ৭২৫ একর জমি রয়েছে। জনতা ব্যাংকে চলতি ঋণ রয়েছে আট লাখ টাকা।
জাসদের প্রার্থী আমরু মিয়া এইচএসসি পাস। পেশায় ব্যবসায়ী। এই খাতে তাঁর আয় ৩ লাখ ৮০ হাজার টাকা। নগদ আছে প্রায় নয় লাখ টাকা। তাঁর কোনো স্থাবর সম্পদ নেই। স্বতন্ত্র প্রার্থী মো. শফিকুল ইসলাম স্বশিক্ষিত ও কোনো পেশায় নিয়োজিত নন। নগদ রয়েছে তিন লাখ টাকা। তাঁর কোনো স্থাবর সম্পদ নেই।
জাপার প্রার্থী মো. শফিকুজ্জামান জুয়েল স্নাতক পাস। পেশায় ব্যবসায়ী। ব্যবসা ও বাড়িভাড়া থেকে বছরে তাঁর প্রায় তিন লাখ টাকা আয় হয়। নগদ ৪০ হাজার ও ব্যাংকে ২০ হাজার টাকা জমা আছে। তাঁর কোনো কৃষিজমি নেই। অকৃষি জমি ১ দশমিক ১৭৫ একর, ১ দশমিক শূন্য ৬ একর জমি, একটি দালান এবং একটি বাড়ি আছে। এ ছাড়া ২০ লাখ ৬৭ হাজার টাকা ব্যাংকঋণ রয়েছে তাঁর।
অন্যদিকে ৩২ জন সাধারণ কাউন্সিল প্রার্থীর মধ্যে স্নাতক ডিগ্রিধারী মাত্র একজন। একজন করে এইচএসসি ও এসএসসি পাস। বাকিরা অষ্টম ও পঞ্চম শ্রেণি পাস, স্বাক্ষরজ্ঞানসম্পন্ন ও স্বশিক্ষিত। কেউ নিজেকে পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী, কেউ বা কৃষক বলে উল্লেখ করেছেন।
সংরক্ষিত কাউন্সিল পদের মধ্যে দুজন আলিম ও এসএসসি পাস। দুজন অষ্টম শ্রেণি পাস। বাকিরা স্বশিক্ষিত ও স্বাক্ষরজ্ঞানসম্পন্ন। তাঁরা পেশা হিসেবে গৃহিণী উল্লেখ করেছেন। তবে মাহমুদা বেগম পেশা গৃহিণী উল্লেখ করলেও ব্যবসা খাতে তাঁর আয় হয় বছরে দেড় লাখ টাকা। তাঁর নিজ নামে নগদ ৫ লাখ ২০ হাজার টাকা আছে। এ ছাড়া সাড়ে তিন লাখ টাকা মূল্যের অন্যান্য সামগ্রী আছে। বাকিরা স্থাবর সম্পদের কলামে কিছু লেখেননি। মুকুলা বেগম নামের এক প্রার্থী কৃষি খাতে আয় দেখিয়েছেন এক লাখ। তবে তাঁর কোনো কৃষিজমি নেই। এ ব্যাপারে মুকুলা বেগমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।