প্রতিবছরের জুন মাসে নতুন অর্থবছরের বাজেট ঘোষণা করে চট্টগ্রাম সিটি করপোরেশন। তবে এ নিয়ে দ্বিতীয়বারের মতো এর ব্যতিক্রম ঘটল। সিটি করপোরেশনের কর্মকর্তারা বলছেন, নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দীন ২৬ জুলাই দায়িত্ব বুঝে নেওয়ার পর চলতি অর্থবছরের (২০১৫-১৬ সাল) বাজেট ঘোষণা করা হবে।
তবে নির্ধারিত সময়ের মধ্যে বাজেট ঘোষণা না করায় আইন ভঙ্গ হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ। মুঠোফোনে প্রথম আলোকে তিনি বলেন, ‘বাজেট ঘোষণা না করলে করপোরেশন জুলাই মাসের খরচ করবে কীভাবে? এতে জটিলতা সৃষ্টি হবে।’
সিটি করপোরেশন সূত্র জানায়, ২০১০ সালেও একই পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। ওই বছরের ১৭ জুন মেয়র নির্বাচিত হন মোহাম্মদ মনজুর আলম। তিনি দায়িত্ব নেন ২০ জুলাই। এরপর ২৯ জুলাই করপোরেশনের ২০১০-১১ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়। আর এ বছরের ২৮ এপ্রিল মেয়র নির্বাচন হয়। নতুন মেয়র শপথ নেন ৩০ এপ্রিল। তবে বর্তমান পরিষদের মেয়াদ ২৫ জুলাই পূর্ণ হবে। এরপর ২৬ জুলাই আ জ ম নাছির মেয়রের দায়িত্ব নেবেন।
এখনো বাজেট ঘোষণা না করায় কাজে অসুবিধা হচ্ছে না জানিয়ে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম জানান, ২৬ জুলাই আনুষ্ঠানিকভাবে নতুন মেয়রের দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যে বাজেট ঘোষণা করা হবে। ইতিমধ্যে খসড়া বাজেট তৈরি করা হয়েছে।
জুনের মধ্যে বাজেট ঘোষণা না করায় আইনের ব্যত্যয় হয়েছে জানিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক নিজাম উদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, ‘কাজটি ঠিক হয়নি। জুনের মধ্যেই বাধ্যতামূলকভাবে বাজেট অনুমোদন করতে হবে। পরবর্তী সময়ে তা সংশোধন করার সুযোগ রয়েছে।’
তবে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, পুরোনো পরিষদ নিজেরা বাজেট ঘোষণা না করে তা নতুন পরিষদের জন্য রেখে দিয়েছে। এতে আইন ভঙ্গ হয়েছে ঠিকই, তবে একদিক থেকে এটি ইতিবাচক। তার কারণ পুরোনো পরিষদের দায়বদ্ধতা এখন কম। নতুন পরিষদ বাজেট ঘোষণা করলেও জনস্বার্থ ক্ষুণ্ন হবে না।
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর ৭৬ ধারার ১ উপধারা অনুযায়ী, ‘করপোরেশন প্রতিবছর ১ জুনের পূর্বে তার পরবর্তী আসন্ন অর্থবছরের প্রাক্কলিত আয়-ব্যয়ের একটি বিবরণ নির্ধারিত পদ্ধতিতে প্রস্তুত ও অনুমোদন করবে, যাহা অতঃপর বাজেট বলে অভিহিত হবে এবং করপোরেশন তার একটি প্রতিলিপি সরকারের নিকট প্রেরণ করবে।’
এ বিষয়ে অধ্যাপক তোফায়েল আহমেদ বলেন, ‘বর্তমান যে পরিষদ রয়েছে (প্যানেল মেয়র ও কাউন্সিলররা), তাদের উচিত ছিল চলতি বছরের বাজেট ঘোষণা করা। এরপর নতুন মেয়র দায়িত্ব নিয়ে বিশেষ অধিবেশন ডেকে তাঁর সুবিধামতো বাজেট সংশোধন করতে পারতেন।’
তবে করপোরেশনের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ সাইফুদ্দিন বলেন, নতুন মেয়র নগর উন্নয়নে তাঁর পরিকল্পনা অনুযায়ী প্রকল্প নেবেন। এ জন্য নতুন মেয়রের সম্মানে কিছুদিন অপেক্ষা করা হচ্ছে। ২০১০ সালেও জুন মাসে বাজেট ঘোষণা করা হয়নি।
সিটি করপোরেশন সূত্র জানায়, ২০১৪-১৫ অর্থবছরে করপোরেশনের বাজেট ছিল এক হাজার এক শ ৯৫ কোটি টাকা। করপোরেশনের হিসাব বিভাগের এক কর্মকর্তা জানান, আপাতত প্রায় ১৩ শ কোটি টাকার খসড়া বাজেট তৈরি করা হয়েছে। তবে এখনো তা চূড়ান্ত নয়।