মেয়রের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ১০ কাউন্সিলরের
ঝালকাঠি পৌর মেয়র আফজাল হোসেনের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে তাঁকে অপসারণের দাবি জানিয়েছেন ১০ জন কাউন্সিলর।
এ দাবি জানিয়ে গত রোববার তাঁরা জেলা প্রশাসক ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব বরাবরে আবেদন করেছেন। আফজাল হোসেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
স্থানীয় সূত্রে জানা গেছে, আড়াই বছর ধরে উন্নয়নকাজের ভাগ-বাঁটোয়ারা নিয়ে মেয়রের সঙ্গে কাউন্সিলরদের বিরোধ চলে আসছে। রোববার মেয়রের অপসারণের দাবিতে আবেদন করায় বিরোধ প্রকাশ্যে রূপ নিল।
পৌরসভার ১২ জনের মধ্যে ১০ জন কাউন্সিলর স্বাক্ষরিত ওই অভিযোগে বলা হয়, মেয়র আফজাল হোসেন নিয়ম-নীতির তোয়াক্কা না করে পৌর এলাকার রাস্তার পাশে থাকা প্রায় ৫০ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের গাছ বিক্রি করে অর্থ আত্মসাৎ করেছেন।
নিষিদ্ধ ব্যাটারি চালিত অটোরিকশা পৌর এলাকায় চালানোর অনুমতি দিয়ে তিনি ৪০০ জন অটোরিকশা মালিকের কাছ থেকে লাইসেন্সের নামে ১৫ হাজার টাকা করে আদায় করেছেন এবং মাত্র দেড় হাজার টাকা করে পৌর কোষাগারে জমা করেছেন। এভাবে অটোরিকশা থেকে গত আড়াই বছরে তিনি ৫০ লাখেরও বেশি টাকা হাতিয়ে নিয়েছেন।
এ ছাড়া ভিজিএফ প্রকল্পের চালের সামান্য পরিমাণ তিনি কাউন্সিলরদের মাধ্যমে গরিবদের বিতরণ করে বাকি চাল আত্মসাৎ করেন।
টেন্ডারবাজি, বিভিন্ন প্রকল্পে অনিয়ম-দুর্নীতি এবং পৌরসভার তহবিল থেকে আর্থিক সাহায্য দেওয়ার নামে নিজের আত্মীয়-স্বজনদের নামে আড়াই বছরে তিনি কমপক্ষে ৫০ লাখ টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগগুলো ভিত্তিহীন দাবি করে পৌর মেয়র মো. আফজাল হোসেন বলেন, ‘কাউন্সিলররা বিগত কোরবানির ঈদের আগে আমার কাছে কিছু অনৈতিক দাবি করেছিলেন, যা আমি পূরণ করতে পারিনি।
এ ছাড়া বিগত আড়াই বছরে ঝালকাঠি পৌরসভায় ব্যাপক উন্নয়ন কাজ হয়েছে। যা দেখে ঈর্ষান্বিত একজন প্রভাবশালী রাজনীতিক কাউন্সিলরদের দিয়ে আমার বিরুদ্ধে মন্ত্রণালয়ে মিথ্যা অভিযোগ দাখিল করিয়েছেন।’