মেয়রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
নাটোর পৌরসভার উন্নয়নকাজে কয়েক কোটি টাকার আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। ইতিমধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।
জেলা শ্রমিক লীগের সভাপতি সৈয়দ মূর্তজা আলী জেলা প্রশাসকের কাছে পাঠানো এক অভিযোগে এসব অনিয়মের জন্য পৌরসভার মেয়র, নির্বাহী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী ও হিসাবরক্ষককে দায়ী করেছেন। তিনি বলেন, মেয়র একজন পেশাদার ঠিকাদার। তিনি তাঁর অভিজ্ঞতা কাজে লাগিয়ে এসব অনিয়ম করেছেন। আর নির্বাহী প্রকৌশলী আবুল কাশেম ২৮ বছর ধরে এই পৌরসভায় কর্মরত আছেন। হিসাবরক্ষক শহিদুল ইসলাম অবসরে যাওয়ার পরও তাঁকে বেআইনিভাবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে রাখা হয়েছে।
নির্বাহী প্রকৌশলী আবুল কাশেম বলেন, ‘আমি বিভিন্ন পদে দীর্ঘদিন ধরে এখানে রয়েছি। আমার জানামতে, আমি কোনো অনিয়ম করিনি।’
নাটোর শহর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র শেখ এমদাদুল হক আল মামুন বলেন, ‘চার কোটি টাকা দেনার দায় কাঁধে নিয়ে আমি মেয়রের দায়িত্ব নিয়েছিলাম। এরই মধ্যে পৌরসভার এই ঋণ পরিশোধ করেছি। কিছু কিছু বিষয়ে অডিট আপত্তি রয়েছে। আমরা সেগুলো খতিয়ে দেখছি।’
রাজশাহী বিভাগীয় কমিশনারের স্থানীয় সরকার বিভাগের পরিচালক আমিনুল ইসলাম বলেন, ‘আমি মন্ত্রণালয় থেকে ব্যবস্থা নেওয়াসংক্রান্ত চিঠি পেয়েছি। শিগগিরই তদন্ত শুরু করব। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে যথাযথ আইনি ব্যবস্থা নেব।’
রাজশাহী বিভাগীয় কমিশনারের স্থানীয় সরকার বিভাগ ও নাটোর পৌরসভা সূত্র জানায়, স্থানীয় ও রাজস্ব নিরীক্ষা অধিদপ্তরের নিরীক্ষা ও হিসাবরক্ষণ কর্মকর্তা দেলোয়ার হোসেন নাটোর পৌরসভার ২০১০-১১ অর্থবছরের আয়-ব্যয় নিরীক্ষা করেন। এতে তিনি এক কোটি টাকার অনিয়ম পাওয়ায় আপত্তি দিয়েছেন। বিভিন্ন কাজের কথা উল্লেখ করে পৌরসভার উপসহকারী প্রকৌশলীদের নামে ওই টাকা খরচ করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
এ ছাড়া অধিদপ্তরের সুপার আনিসুর রহমান গত ২ থেকে ১১ জুন পৌরসভার ২০১১-১২ অর্থবছরের হিসাব নিরীক্ষা করেন। নিরীক্ষা প্রতিবেদনে তিনি উল্লেখ করেন, নিরীক্ষায় বড় ধরনের অনিয়ম ধরা পড়ায় মোট ৩১টি আপত্তি করা হয়। এর মধ্যে মেয়র মাত্র চারটি আপত্তির জবাব দেন। বাকি ২৭টি বিষয়ে নীরব থাকেন। সরকারি বিধি না মানায় এখানে ব্যাপক অনিয়ম হয়েছে।