জাতীয় মানবাধিকার কমিশনের মেয়াদকাল পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে কমিশনে নতুন সদস্য নিয়োগের দাবি জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আগামী ২১ জুন বর্তমান কমিশনের তিন বছরের মেয়াদ পূর্ণ হবে। একই সঙ্গে সংস্থাটি কমিশনের মেয়াদ বৃদ্ধির পক্ষেও মত দিয়েছে।
গতকাল শুক্রবার আসকের নির্বাহী পরিচালক সুলতানা কামাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়। এতে বলা হয়, মানবাধিকার উন্নয়ন ও সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখার জন্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের তিন বছর মেয়াদকাল অনেক কম। এ ক্ষেত্রে উল্লেখযোগ্য ও দৃশ্যমান অবদান রাখতে হলে আরও সময়ের প্রয়োজন। সেই হিসেবে আসক মনে করে, জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান নেতৃত্ব এই পর্যন্ত যেসব কাজ করেছে সেগুলোর ফলাফল পাওয়ার জন্য আরও কিছু সময় দরকার। বর্তমান কমিশনে পাঁচজন অবৈতনিক সদস্যের নিয়োগের বিপক্ষে সংস্থাটি বলেছে, অবৈতনিক সদস্যরা অন্য কাজে ব্যস্ত থাকেন। কমিশনের কাজের ক্ষেত্রে তাঁরা প্রয়োজনীয় সময় দিতে পারছেন কি না সে বিষয়টিও বিবেচনায় রাখা দরকার। বাছাই কমিটির প্রধান হিসেবে বর্তমান স্পিকার এ ক্ষেত্রে অনুসরণীয় দৃষ্টান্ত রাখবেন বলে সংস্থাটি মনে করে।