মেয়াদ শেষ, এখনো অর্ধেক কাজ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহেশখালীর কুতুবজোম আদর্শ উচ্চবিদ্যালয়ের নির্মাণধীন ভবন l প্রথম আলো
মহেশখালীর কুতুবজোম আদর্শ উচ্চবিদ্যালয়ের নির্মাণধীন ভবন l প্রথম আলো

কক্সবাজারের মহেশখালীর কুতুবজোম আদর্শ উচ্চবিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণকাজ থমকে আছে। অথচ কার্যাদেশ অনুযায়ী, গত বছরের আগস্ট মাসে ওই ভবনের নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল। এক বছর পার হলেও এখনো অর্ধেক কাজ শেষ হয়নি। ফলে পুরোনো ঝুঁকিপূর্ণ ভবনেই বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান চলছে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কক্সবাজার কার্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ে নতুন করে একটি দ্বিতল ভবন নির্মাণের জন্য ২০১২-১৩ অর্থবছরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ১ কোটি ২২ লাখ টাকা বরাদ্দ দেয়। নির্মাণকাজের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান এনবি ট্রেডার্স। কার্যাদেশ অনুযায়ী, ২০১৩ সালের আগস্ট মাসে শুরু করে এক বছরের মধ্যে ভবন নির্মাণের কাজ শেষ করার কথা। কিন্তু ঠিকাদারের গাফিলতির কারণে নির্মাণকাজ চলছে ধীরগতিতে। ফলে কার্যাদেশের মেয়াদ এক বছর পেরিয়ে গেলেও এখনো কাজ অর্ধেকও শেষ হয়নি।
২০ আগস্ট বেলা ১১টায় সরেজমিনে দেখা যায়, দ্বিতল ভবনের একতলার কাজও শেষ হয়নি। নির্মাণকাজে নিয়োজিত ঠিকাদারের কোনো শ্রমিকেরও দেখা মেলেনি। ভবন নির্মাণের কার্যাদেশের পরিচিতিফলকও নেই।
এদিকে পাশে বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ একতলা ভবনে চলছে ষষ্ঠ শ্রেণির পাঠাদান। ওই ভবনে দেয়ালের ফাটল ধরেছে। খসে পড়ছে ছাদের পলেস্তারা। আর বাকি চার শ্রেণির কার্যক্রম চলছে টিনের ছাউনির আরেকটি ভবনে।
ষষ্ঠ শ্রেণির ছাত্র তৌফিক আহমেদ ও সুমাইয়া আফরিন বলে, বৃষ্টি হলেই ছাদ চুইয়ে ভেতরে পানি পড়ে। কখন ছাদের পলেস্তার পড়ে, এ নিয়ে ভয়ে থাকে তারা।
বিদ্যালয়ের শিক্ষক মকছুদ মিয়া জানান, ১৯৯১ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার পর টিনের ছাউনির একটি ভবনে পাঠদান চলে আসছিল। পরে ১৯৯৬ সালে তিন কক্ষবিশিষ্ট একতলা একটি ভবন নির্মাণ করা হলেও সংস্কারের অভাবে ভবনটি ঝুিঁকপূর্ণ হয়ে পড়ে। পরে ২০১৩ সালে বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ১ কোটি ২২ লাখ টাকা বরাদ্দ দেয়। তিনি বলেন, এখন যে গতিতে নির্মাণকাজ চলছে, তাতে আগামী এক বছরের মধ্যে ভবনের কাজ শেষ হবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাহমুদুল করিম বলেন, শ্রেণিকক্ষ–সংকটের কারণে বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান চলছে। নতুন ভবনের কাজ শেষ হলে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ–সংকট অনেকটা দূর হত। ভবন নির্মাণকাজ শেষ করার জন্য দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার ও প্রকৌশল অধিদপ্তরে বারবার অবহিত করলেও কোনো কাজ হচ্ছে না।
কবে নাগাদ ভবনের কাজ শেষ হবে—তা জানতে চাইলে নির্মাণকাজের দায়িত্বরত ঠিকাদার এখতিয়ার উদ্দিন বলেন, তহবিলের অভাবে যথাসময়ে কাজ শেষ করা সম্ভব হয়নি। তাই কয়েক দিনের মধ্যে পুনরায় নির্মাণকাজ শুরু করে আগামী তিন মাসের মধ্যে শেষ করা হবে।
জানতে চাইলে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কক্সবাজারের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল হাই বলেন, ঠিকাদারের অবহেলার কারণে গত বছরের আগস্ট মাসে ভবনের নির্মাণকাজ শেষ করা সম্ভব হয়নি। এ পর্যন্ত মাত্র ৪০ শতাংশ কাজ হয়েছে। তাই আগামী নভেম্বর মাসের মধ্যে ভবনের নির্মাণকাজ শেষ করার জন্য ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে। ওই সময়ের মধ্যে ভবনের কাজ শেষ না করলে ওই কার্যাদেশ বাতিল করে পুনরায় দরপত্র আহ্বান করা হবে।