মেয়াদ শেষ, তবু তালিকা হয়নি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের গাফিলতিতে কক্সবাজারের মহেশখালী উপজেলার আট ইউনিয়নে ভিজিডির তালিকা চূড়ান্ত হয়নি।
তবে উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের দাবি, গত ৩০ নভেম্বর তালিকা তৈরির মেয়াদ শেষ হয়েছে। এ মাসের মধ্যে তালিকা চূড়ান্ত না হলে পুরো উপজেলায় ভিজিডির কর্মসূচি বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে।
উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০১৫-১৬ সাল পর্যন্ত দুই বছরের জন্য ভিজিডি (ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট) কর্মসূচির আওতায় এ উপজেলার আট ইউনিয়নের জন্য ১ হাজার ৯৪৮টি ভিজিডি কার্ড বরাদ্দ পাওয়া যায়। এর মধ্যে মাতারবাড়ি ৩০০টি, ধলঘাটায় ১০২টি, কালারমারছড়ায় ৩৫০টি, শাপলাপুরে ২১৪টি, হোয়ানকে ৩৪০টি, বড় মহেশখালী ৩০১টি, কুতুবজোমে ১৭৫টি ও ছোট মহেশখালী ইউনিয়নে ১৬৬টি। ৩০ নভেম্বরের মধ্যে উপকারভোগী নারীদের তালিকা চূড়ান্ত করে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের মহিলাবিষয়ক কর্মকর্তার কাছে জমা দেওয়ার কথা। কিন্তু চেয়ারম্যানেরা গত বুধবার পর্যন্ত তালিকা জমা দেননি। এ কারণে উপজেলা প্রশাসন ভিজিডির তালিকা চূড়ান্ত করতে পারেনি।
এদিকে গত ২১ ডিসেম্বর উপজেলার মাসিক সমন্বয় সভায় ভিজিডির তালিকা না হওয়ায় মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল নাসের উদ্বেগ প্রকাশ করে তিন দিনের মধ্যে তালিকা জমা দেওয়ার জন্য নির্দেশ দেন। কিন্তু সেই নির্দেশ কার্যকর হয়নি।
কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক একজন দুস্থ নারী জানান, ভিজিডির চূড়ান্ত তালিকা হলে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ২৪ কেজি চাল পেতাম। কিন্তু চেয়ারম্যানদের গাফিলতির কারণে এখনো চূড়ান্ত তালিকা হয়নি।
কুতুবজোম ইউপি চেয়ারম্যান মাওলানা শফিউল আলম বলেন, মাঠপর্যায়ে তালিকা তৈরি করতে ইউপি সদস্যরা বিলম্ব করায় ইউনিয়ন পর্যায়ে ভিজিডির চূড়ান্ত তালিকা করা সম্ভব হয়নি। তাই কয়েক দিনের মধ্যে তালিকা চূড়ান্ত করেই মহিলাবিষয়ক কর্মকর্তার কাছে জমা দেওয়া হবে বলে তিনি জানান।
উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা উম্মে সুরাইয়া বলেন, তালিকা জমা দেওয়ার বিষয়ে মুঠোফোনে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের বেশ কয়েকবার অবহিত করলেও কোনো কাজ হচ্ছে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল নাসের বলেন, এ মাসের মধ্যে তালিকা তৈরি করতে না পারলে, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।