মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেরত দিতে চাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইডসের মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেরত দিতে রোগীদের ওপর চাপ দিচ্ছেন সরকারি কর্মকর্তারা। অন্যদিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ রোগীদের দেওয়ার তথ্য মিথ্যা ও ভিত্তিহীন বলে তাঁরা প্রচার শুরু করেছেন। এইডস রোগী, রোগীদের নিয়ে কাজ করে এমন এনজিও এবং সরকারি কর্মকর্তাদের চিঠির ভিত্তিতে এ তথ্য পাওয়া গেছে।
গতকাল সোমবার একজন রোগী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমাকে দেওয়া ওষুধ ফেরত চাইলে আমি তা দিইনি। আমি বলেছি, আমি দেব না। ওষুধ নিয়ে গোলমাল হচ্ছে। এই প্রমাণ আমি হাতছাড়া করব না।’ এই রোগীকে সরকারের সংক্রামক ব্যাধি হাসপাতাল থেকে যে ওষুধ দেওয়া হয়েছিল, তার মেয়াদ শেষ হয় গত জুলাইয়ে। মেয়াদ শেষের পর ১২ দিন ধরে সেই ওষুধ সেবন করে তাঁর শরীরে অ্যালার্জি দেখা দেয়।
এইচআইভি-এইডস রোগীদের চিকিৎসাসেবা দেয় এমন একটি এনজিওর কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এইডস/এসটিডি কর্মসূচির পরিচালক মো. আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, তিনি বিষয়টি জানেন না।
এইচআইভি-এইডস নিয়ে কাজ করে এমন একাধিক এনজিওর কর্মকর্তা, একাধিক রোগী প্রথম আলোকে মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহারের তথ্য দিয়েছেন। ২৬ আগস্ট প্রথম আলোতে ‘বড়দের ওষুধ খাচ্ছে শিশুরা’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে এইডস রোগীদের মেয়াদোত্তীর্ণ ওষুধ দেওয়ার তথ্য ছিল।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের সহায়তায় জরুরি ভিত্তিতে ওষুধ সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় এইডস/এসটিডি কর্মসূচির কর্মকর্তারা। তবে সংশ্লিষ্ট এনজিওগুলো জানিয়েছে, শিশুদের ওষুধ এখনো তারা পায়নি। পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
দেশে ৪০টি শিশুকে অ্যান্টি রেট্রো ভাইরাল (এআরভি) দেওয়ার কথা। কিন্তু তাদের দেওয়া হচ্ছে বড়দের ওষুধ। আনিসুর রহমান তাঁর চিঠিতে বলেছেন, বড়দের ও শিশুদের ওষুধ একই উপকরণ দিয়ে তৈরি। বড়দের ওষুধ ভেঙে খাওয়ানোতে কোনো সমস্যা সৃষ্টি হয়নি।
এই বক্তব্যের বিরোধিতা করেছেন একাধিক বিশেষজ্ঞ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার বলেন, ‘জরুরি প্রয়োজনে বড়দের ওষুধ শিশুদের খাওয়ানো যেতে পারে। সে ক্ষেত্রে ওষুধ ভেঙে মাত্রা ঠিক করবেন একজন প্রশিক্ষিত ফার্মাসিস্ট। অন্য কারও এই কাজ করার সুযোগ নেই।’ বড়দের ওষুধ শিশুদের খাওয়ানোকে তিনি দুঃখজনক বলেছেন।