চট্টগ্রামের বিভিন্ন ওষুধের দোকানে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রির অভিযোগ উঠেছে। গত চার মাসে ভ্রাম্যমাণ আদালত ১০০টি ওষুধের দোকানে অভিযান চালান। এর মধ্যে ৯৫টি দোকানেই জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মেয়াদোত্তীর্ণ, অনুমোদনহীন ওষুধ ও ফুড সাপ্লিমেন্ট পাওয়া গেছে। বেশির ভাগ দোকানের ওষুধ সংরক্ষণ ব্যবস্থাও স্বাস্থ্যকর নয়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা এ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
ঔষধ প্রশাসনের সহযোগিতায় চট্টগ্রাম জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত গত চার মাসে নগরের বিভিন্ন এলাকার ১০০টি ওষুধের দোকানে অভিযান চালান। ৯৫টি দোকানকে বিভিন্ন অপরাধে ১০ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে সিলগালা করে দেওয়া হয়েছে ২২টি দোকান। তিন দোকানিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ মহাবিষ, শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। নকল, ভেজাল ও অনুমোদনহীন ওষুধ মানুষের শরীরে বিভিন্ন ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। এসব ওষুধ সেবনে ক্যানসার পর্যন্ত হতে পারে। এ ছাড়া ফুড সাপ্লিমেন্ট একটা বাণিজ্য। অনুমোদনহীন ফুড সাপ্লিমেন্ট জনস্বাস্থ্যের জন্য হুমকি। তিনি বলেন, ওষুধ সব সময় একটি তাপমাত্রার মধ্যে রাখতে হয়। ওষুধের সঙ্গে এমন কিছু রাখা উচিত নয়, যেটি ওষুধের গুণাগুণ নষ্ট করে।
ওষুধ প্রশাসনের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম নগর ও জেলায় ড্রাগ লাইসেন্স রয়েছে এমন ওষুধের দোকান ১০ হাজার ৮০০টি। এর মধ্যে অর্ধেক দোকানের লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেলেও তা আর নতুন করে নবায়ন করা হয়নি। এর বাইরে ড্রাগ লাইসেন্স নেই এমন ওষুধের দোকান রয়েছে আরও প্রায় পাঁচ হাজার। কিছু ওষুধের দোকান ছাড়া বৈধ বা অবৈধ প্রায় সব দোকানেই অনুমোদনহীন ফুড সাপ্লিমেন্ট, মেয়াদোত্তীর্ণ ওষুধ, বিদেশি ওষুধ, খোলা বাজারে বিক্রি নিষিদ্ধ সরকারি ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল পাওয়া যাচ্ছে।
জানতে চাইলে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি চট্টগ্রামের সভাপতি সমীর কান্তি সিকদার বলেন, ‘এখন নিজেকে ওষুধ ব্যবসায়ী পরিচয় দিতে লজ্জা লাগে। প্রতিদিনই ওষুধের দোকানকে জেল-জরিমানা দেওয়া হচ্ছে। অসাধু উপায়ে অনেকে ব্যবসা করছেন।’
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন বলেন, ‘অভিযানের সময় আমরা মাত্র পাঁচটি দোকান পেয়েছি যারা লাইসেন্সের শর্ত এবং নীতিমালা মানছে।
৬ অক্টোবর নগরের মির্জারপোল এলাকায় জনকল্যাণ ফার্মেসিতে বিপুল পরিমাণ সরকারি ওষুধ পাওয়া যায়। ওই দোকানের মালিক অনিক বড়ুয়াকে অনিক ছয় মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। তাঁর স্ত্রী ফৌজদারহাট বক্ষব্যাধি হাসপাতালের নার্স। ২৯ অক্টোবর নালাপাড়ার মনিকা ফার্মেসিতে অভিযান চালিয়েও বিপুল পরিমাণ সরকারি ওষুধ জব্দ করা হয়। ওই দোকানের মালিকের এক ঘনিষ্ঠ আত্মীয় চট্টগ্রাম জেনারেল হাসপাতালের নার্স।
জানতে চাইলে চট্টগ্রামের ওষুধ তত্ত্বাবধায়ক কে এম মুহসীনিন মাহবুব বলেন, অনেক দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যাচ্ছে। এটি জনস্বাস্থ্যের জন্য হুমকি।