মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়েই চলছে মাধবপুর ছাত্রদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুরে পাঁচ বছর আগের মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়েই চলছে উপজেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম। এতে সংগঠনটির কাজে যেমন স্থবিরতা নেমে এসেছে, তেমনি সৃষ্টি হচ্ছে কোন্দল।

উপজেলা ছাত্রদলের একাধিক নেতা-কর্মী জানান, ২০০২ সালে উপজেলা ছাত্রদলের ৭১ সদস্যের কমিটি গঠিত হয়। মোস্তফা কামাল সভাপতি, শেখ জহিরুল ইসলাম সাধারণ সম্পাদক ও হামিদ হোসেন সাংগঠনিক সম্পাদক হন। কমিটি ঘোষণার কিছুদিন পরই সাংগঠনিক সম্পাদক অব্যাহতি নিয়ে চাকরিতে যোগ দেন। ২০০৫ সালে এ কমিটিতে নতুন কয়েকজন সদস্য ও সাংগঠনিক সম্পাদক পদে রফিকুল ইসলাম নামের একজনকে অন্তর্ভুক্ত করা হয়। এরপর সাধারণ সম্পাদক বিদেশে চলে যান।

এদিকে বছর খানেক আগে জহিরুল ইসলাম দেশে ফেরেন। এই পর্যায়ে দলে সৃষ্টি হয় কোন্দল। এর এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন জহিরুল ইসলাম, অন্য পক্ষের রফিকুল ইসলাম। দুজনই এখন সভাপতি পদের জন্য ওপরমহলে তদবির করছেন বলে শোনা যাচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রদলের কয়েকজন সাবেক নেতা জানান, গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর পর পর সম্মেলন হওয়ার কথা। তা না হওয়ায় সংগঠনের এখন বেহাল অবস্থা।

রফিকুল ইসলাম বলেন, ‘২০০৫ সালে একটি সভায় আমাকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। এরপর আর কমিটি হয়নি।’

জহিরুল ইসলাম বলেন, নতুন কমিটি না হলে সংগঠনটির কার্যক্রম স্থবির হয়ে পড়বে। সাবেক সভাপতি মোস্তফা বলেন, ‘আমি মে মাসে অব্যাহতি নিয়ে উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক হয়েছি। এর পর থেকে ওই পদ শূন্য। শুনেছি, শিগগিরই এই উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হবে।’

ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা ও জেলা বিএনপির সদস্য মিনহাজ উদ্দিন চৌধুরী বলেন, কমিটি গঠনের দায়িত্ব ছাত্রদলের নেতা-কর্মীদের হাতেই ছেড়ে দিতে হবে। দলের ভেতরে গণতন্ত্রের চর্চা না হলে কখনোই এর কার্যক্রম বেগবান হবে না।