মেয়াদোত্তীর্ণ খেজুর ও কিশমিশ ধ্বংস
চট্টগ্রামের হালিশহরের আনন্দবাজার এলাকায় সিটি করপোরেশনের ডাম্পিং গ্রাউন্ডে মেয়াদোত্তীর্ণ খেজুর ও কিশমিশ ধ্বংস করা হয়েছে। গতকাল রোববার রাত নয়টা পর্যন্ত তিনটি ট্রাকবোঝাই খেজুর ধ্বংস করা হয়।
গত বুধবার চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের এলাকায় ‘ইএটিসি কোল্ড স্টোরেজ’-এ অভিযান চালায় পুলিশ। এরপর ভ্রাম্যমাণ আদালত মেয়াদোত্তীর্ণ খেজুর শনাক্ত করে হিমাগারটি সিলগালা করে দেন এবং চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম গতকাল রাতে প্রথম আলোকে জানান, হিমাগার থেকে ১০ হাজার ৫০০ কার্টন মেয়াদোত্তীর্ণ খেজুর-কিশমিশ ধ্বংস করা হয়েছে।
পুলিশ জানায়, গতকাল ওই হিমাগারটি খুলে যেসব খেজুরের মেয়াদ আছে সেগুলো আমদানিকারকদের কাছে হস্তান্তর করা হয়। আর ১০ হাজার ৫০০ কার্টন খেজুর-কিশমিশ আলাদা করে হালিশহরের ডাম্পিং গ্রাউন্ডে নেওয়া হয়। এসব কার্টনের প্রতিটিতে ১০ কেজি করে খেজুর রয়েছে।