মেয়াদোত্তীর্ণ রিং বসানোর ওপর নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও দেশের যেকোনো হাসপাতালে হৃদ্রোগে আক্রান্ত ব্যক্তির হৃদ্যন্ত্রের রক্তনালিতে মেয়াদোত্তীর্ণ স্টেন্ট (রিং) বসানোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ স্বতঃপ্রণোদিত রুলসহ অন্তর্বর্তীকালীন এ আদেশ দেন। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
‘মেয়াদোত্তীর্ণ রিং পরিয়ে হৃদ্রোগ চিকিৎসার ভয়াবহ তথ্য’ শিরোনামে ২৮ জানুয়ারি চ্যানেল টুয়েন্টিফোরে এবং চ্যানেলটির অনলাইন সংস্করণে প্রতিবেদন প্রচার ও প্রকাশিত হয়। প্রতিবেদন বিবেচনায় নিয়ে আদালত রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন। আদালত স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করে বিষয়টি তদন্ত করে এক মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন। পরবর্তী আদেশের জন্য আগামী ১ মার্চ তারিখ ধার্য করা হয়েছে।
রুলে মেয়াদোত্তীর্ণ রিং সরবরাহ করা, গ্রহণ ও রোগীদের দেহে অস্ত্রোপচারের মাধ্যমে প্রতিস্থাপন কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পুলিশের মহাপরিদর্শক ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে। সেই সঙ্গে চ্যানেলটির বার্তা সম্পাদককে সংবাদের সত্যতাবিষয়ক প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
ওই প্রতিবেদনটি আদালতের নজরে আসার পর আদালত ডেপুটি অ্যাটর্নি জেনারেলের কাছে জানতে চান, তিনি সংবাদটি পড়েছেন কি না? এ সময় হ্যাঁ-সূচক জবাব দেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়। উপস্থিত আইনজীবী জায়েদী হাসান খান চ্যানেল টুয়েন্টিফোরের অনলাইন সংস্করণে প্রকাশিত প্রতিবেদনের ফটোকপি তুলে ধরেন। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালকের মন্তব্য অংশটুকু পড়েন। প্রতিবেদনে ওই অংশে বলা হয়, ‘পরিচালকের দাবি, মেয়াদোত্তীর্ণ রিং রোগীর কোনো ক্ষতি করবে না।’ একপর্যায়ে আদালত বলেন, প্রতিষ্ঠানটি ভালো সেবা দিচ্ছিল। জনগণের আস্থা অর্জন করেছে। অথচ কতিপয় লোকের কারণে প্রতিষ্ঠানটির সুনাম নষ্ট হচ্ছে। আদালত বলেন, একজন চিকিৎসক জেনেশুনে মেয়াদোত্তীর্ণ রিং পরাচ্ছেন। এর পরিণতি মৃত্যু। এটি ফৌজদারি অপরাধ।