প্রায় ১০ বছর আগে মেয়ে হত্যার বিচার চেয়ে হত্যা মামলা করেছিলেন নাটোরের একজন মা। চালিয়ে গেছেন আইনি লড়াই। আশায় ছিলেন মেয়ে হত্যার বিচার পাবেন। কিন্তু বছরের পর বছর অপেক্ষা আর আইনি লড়াই—সবই বিফলে গেল তাঁর।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মামলাটিকে রাজনৈতিক বিবেচনায় ফেলে খালাস পেয়ে গেছেন সব আসামি। সরকারপক্ষের এক আবেদনে নাটোরের অতিরিক্ত দায়রা জজ আদালত গতকাল মঙ্গলবার আসামিদের অব্যাহতির আদেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নাটোরের নলডাঙ্গা উপজেলার চর লক্ষ্মীকুল গ্রামের আনোয়ারা বেগমের মেয়ে খায়রুন নেছার সঙ্গে সিংড়া উপজেলার দেবত্তর গ্রামের মোবারক আলীর ছেলে নবীর আলীর বিয়ে হয়েছিল বেশ কয়েক বছর আগে। নবীর আলী আরও দুটি বিয়ের তথ্য গোপন করে খায়রুনকে বিয়ে করেন। পরে এটি প্রকাশ হলে স্বামী-স্ত্রীর দ্বন্দ্ব শুরু হয়। এর জেরে ২০০৫ সালের ১৩ জানুয়ারি খুন হন খায়রুন।
ঘটনার পরপরই আনোয়ারা বেগম বাদী হয়ে সিংড়া থানায় নবীর আলী, মেয়ের শ্বশুর মোবারক আলীসহ ১০-১৫ জনের বিরুদ্ধে
হত্যা মামলা করেন। মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক প্রদীপ কুমার দাস তদন্ত করেন। ৩১ জন সাক্ষীর জবানবন্দি নিয়ে পরের বছর ১৩ মে ওই আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন তিনি।
এরপর অভিযুক্ত ব্যক্তিরা নিজেদের ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মী দেখিয়ে রাজনৈতিক বিবেচনায় মামলাটি প্রত্যাহারে নাটোর জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেন। আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মামলা প্রত্যাহারসংক্রান্ত ১৮তম সভায় আলোচিত হয়। পরে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী নাটোরের সরকারি কৌঁসুলি (পিপি) সিরাজুল ইসলাম ২০১০ সালের ২৩ নভেম্বর আদালতের কাছে মামলাটি না চালানোর আবেদন করেন। এটি মঞ্জুর না করতে বাদী আদালতে পাল্টা আবেদন করেন।
আবেদনে আনোয়ারা বেগম উল্লেখ করেন, হত্যা মামলাটি কোনো রাজনৈতিক মামলা নয়। এটা স্ত্রীকে হত্যার মামলা। তিনি নিজেও কোনো রাজনীতি করেন না। আসামিরাও রাজনীতিতে জড়িত নন। উভয় পক্ষের আবেদনের শুনানিতে কেটে যায় কয়েক বছর। অবশেষে গতকাল অতিরিক্ত দায়রা জজ রহিদুল ইসলাম সরকারপক্ষের আবেদন মঞ্জুর করে সব আসামিকে অব্যাহতির আদেশ দেন।
মা আনোয়ারা বেগম গতকাল বলেন, ‘আমি তো রাজনীতি করি না। আমি খুবই সাধারণ মানুষ। অথচ রাজনীতির দোহাই দিয়ে আমার মেয়ের মামলাটা শেষ করি দিল। এখন আল্লাহর কাছে বিচার চাচ্ছি।’
অতিরিক্ত দায়রা জজ আদালতের পিপি আবদুল হাই বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে আমরা মামলাটি না চালানোর আবেদন করেছিলাম। আসামিরা রাজনীতি করেন কি না, তা তাঁদের এলাকার নেতারা জানেন। তাঁরা অভিযুক্ত ব্যক্তিদের রাজনৈতিক কর্মী হিসেবে প্রত্যয়ন করায় মামলাটি রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার হয়েছে।’