মেয়েকে উদ্ধারের জন্য প্রতিমন্ত্রীর কাছে আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিপণের দাবিতে অপহৃত হওয়ার ৪০ দিন পরও নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার স্কুলছাত্রী লাবণী আক্তারকে (১১) উদ্ধার করতে পারেনি পুলিশ। মেয়েকে উদ্ধারের দাবিতে গত বুধবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেছেন তার বাবা।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বরাবর লিখিত ওই আবেদনপত্রে বলা হয়, ১৬ নভেম্বর তাঁর মেয়ে স্থানীয় ওমর আলী উচ্চবিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী লাবণী আক্তারকে অপহরণ করে নিয়ে যায় কয়েকজন সন্ত্রাসী। এরপর সন্ত্রাসীরা দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অপহৃত হওয়ার পাঁচ দিন পর্যন্ত সন্ত্রাসীরা মুক্তিপণ চাইলেও এখন তারা আর যোগাযোগ করছে না।
ছাত্রীর বাবা উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা জমির হোসেন জানান, ‘পুলিশ উদ্ধারের আশ্বাস দিলেও কোনো কাজ হচ্ছে না। তাই আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বরাবর লিখিত আবেদন করেছি।’
মামলার তদন্ত কর্মকর্তা সোনারগাঁ থানার এসআই অজয় কুমার পাল জানান, মেয়েটিকে উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।