মেয়েকে হত্যা করে লাশ পুকুরে নিক্ষেপ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লুকিয়ে প্রতিবেশীর সঙ্গে প্রেম করত মেয়ে। একদিন ধরা পড়লে বাঁশের লাঠি দিয়ে তার মাথায় সজোরে আঘাত করেন বাবা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ বস্তায় ভরে ফেলে দেওয়া হয় পুকুরে। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ষোলআনী গ্রামে ঘটে এ ঘটনা। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া বাবা নিজেই গতকাল বুধবার আদালতে দেওয়া জবানবন্দিতে এসব কথা বলেছেন।
মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ ফেব্রুয়ারি ষোলআনী গ্রামের একটি পুকুরে বস্তাবন্দী অবস্থায় একটি কঙ্কাল দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি গলিত লাশ উদ্ধার করে। অজ্ঞাত লাশ হওয়ায় পুলিশ বাদী হয়ে গজারিয়া থানায় একটি হত্যা মামলা করে। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ নিশ্চিত হয়, বস্তাবন্দী লাশটি ষোলআনী গ্রামের আবুল হোসেনের মেয়ে সুমাইয়া আক্তারের (১৫)। আর সুমাইয়াকে হত্যা করেছেন তার বাবা আবুল হোসেন।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ থেকে গত মঙ্গলবার রাত আটটার দিকে আবুল হোসেনকে আটক করে গজারিয়া থানায় নিয়ে আসা হয়। গতকাল সকালে তাঁকে মুন্সিগঞ্জের আদালতে হাজির করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, প্রতিবেশী খবির দেওয়ানের ছেলে রাজীব দেওয়ানের (১৮) সঙ্গে সুমাইয়ার প্রেমের সম্পর্ক ছিল। বারবার নিষেধ করা সত্ত্বেও তারা প্রায়ই রাতের আঁধারে লুকিয়ে দেখা করত। ঘটনার দিনও সুমাইয়া এভাবে রাজীবের সঙ্গে দেখা করতে যায়। তবে সে তাঁর (আবুল হোসেন) চোখে পড়ে যায়। তখন তার মাথায় বাঁশের লাঠি দিয়ে সজোরে আঘাত করেন তিনি। এতে ঘটনাস্থলেই মারা যায় সুমাইয়া। পরে লাশ বস্তাবন্দী করে পাশের পুকুরে ফেলে দেন তিনি।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ প্রথম আলোকে জানান, ঘটনাটি অনুসন্ধান করে সংশ্লিষ্টতা পাওয়ায় বাবা আবুল হোসেনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধ স্বীকার করেন। এরপর গতকাল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি। জবানবন্দি গ্রহণ শেষে তাঁকে কারাগারে পাঠিয়েছেন বিচারক।