মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা
সিলেট শহরের দরগা গেট এলাকায় অবস্থিত হোটেল আকসা থেকে আজ বুধবার বাবা ও দুই বছর বয়সী মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সিলেট কোতোয়ালি থানার পুলিশ জানায়, কুমিল্লা সদরের বাসিন্দা আলীম উল্লাহ (৩৭) তাঁর স্ত্রী ফাতেমা আফরিন ও শিশুকন্যা সাদিয়াকে নিয়ে আজ সকাল ছয়টার দিকে হোটেল আকসায় ওঠেন।
আলীমের স্ত্রী ফাতেমা পুলিশের কাছে দাবি করেন, আজ সকাল পৌনে নয়টার দিকে আলীম মেয়ে সাদিয়াকে গলা টিপে হত্যা করেন। তিনি সেটি দেখেছেন।
ফাতেমার বরাত দিয়ে পুলিশ জানায়, এরপর ফাতেমা দৌড়ে হোটেলের কর্মকর্তা-কর্মচারীদের ডাকতে যান। ফিরে দেখেন, আলীম ব্লেড দিয়ে গলার রগ কেটে আত্মহত্যা করেছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে।