মেয়েদের বিয়ের বয়স কমানোর প্রস্তাবের সমালোচনায় নারী সেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ থেকে ১৬ করার যে প্রস্তাব করেছে, তা কার্যকর হলে বিষয়টি নারীর শরীরের জন্য আত্মঘাতী হবে। এ ধরনের চিন্তা হচ্ছে সরকারের মৌলবাদী রাজনৈতিক দর্শনের প্রতিফলন। সরকার কাদের সঙ্গে বন্ধুত্ব করতে চাইছে তার বহিঃপ্রকাশ।


আজ রোববার বিয়ের ক্ষেত্রে বয়স নিয়ে সরকারের এ ধরনের প্রস্তাবের বিরোধিতা এবং প্রতিবাদ করার জন্য আয়োজিত সংবাদ সম্মেলনের আলোচকেরা এসব কথা বলেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নারী সেল রাজধানীর মুক্তি ভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।


১৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সাজা ও জরিমানার পরিমাণ বাড়িয়ে ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৪’-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। একই সভায় বিদ্যমান আইন অনুযায়ী ছেলেদের বিয়ের ন্যূনতম বয়স ২১ থেকে ১৮ এবং মেয়েদের ১৮ থেকে ১৬ করা যায় কি না, তা পর্যালোচনা করার জন্য আইন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ (অনুশাসন) দেওয়া হয়।


অবৈজ্ঞানিকভাবে সরকারের পক্ষ থেকে বিয়ের বয়স কমানোর জন্য যে মতামত দেওয়া হয়েছে, এই সংবাদ সম্মেলনে তা প্রত্যাখ্যান করা হয়েছে। এ ধরনের ঘটনায় তীব্র নিন্দা প্রকাশের পাশাপাশি সরকার যাতে বিষয়টি নিয়ে আরও চিন্তাভাবনা করে, সে আহ্বান জানানো হয়েছে। নইলে নারী সেলের পক্ষ থেকে বৃহত্তর নারী আন্দোলনের কর্মীদের সঙ্গে নিয়ে সুসংগঠিত আন্দোলন গড়ে তোলার কথা বলেন তাঁরা।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সিপিবির কেন্দ্রীয় কমিটি ও নারী সেলের সদস্য মাকছুদা আখতার। লিখিত বক্তব্যে বিয়ের বয়স কমিয়ে দিলে তা মেয়ে, পরিবার, রাষ্ট্রে কী ধরনের প্রভাব ফেলবে তার বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে। সিপিবির কেন্দ্রীয় ও ঢাকা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।