মেয়ের সামনেই যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
লক্ষ্মীপুরে গতকাল শুক্রবার আবদুল হান্নান (৩২) নামের যুবলীগের এক নেতাকে তাঁর মেয়ের (প্রাথমিক সমাপনী পরীক্ষার্থী) সামনেই কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আবদুল হান্নান সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়ন যুবলীগের সদস্য ও সদর উপজেলা বাস্তুহারা লীগের সাধারণ সম্পাদক এবং একই ইউনিয়নের গোপালপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে আবদুল হান্নান তাঁর মেয়ের প্রাথমিক সমাপনী পরীক্ষা শেষে দত্তপাড়া থেকে রিকশায় করে বাড়ি ফিরছিলেন।
এ সময় উত্তর জয়পুর ইউনিয়নের দক্ষিণ গোপালপুর গ্রামের খাঁ ব্রিজ এলাকায় পাঁচ-ছয়জনের একদল দুর্বৃত্ত তাঁকে ঘিরে ধরে। দুর্বৃত্তরা তাঁকে রিকশা থেকে নামিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতরভাবে আহত করে। পরে স্থানীয় এলাকাবাসী তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে প্রচুর রক্তক্ষরণে তিনি মারা যান।
সদর থানার সেকেন্ড অফিসার জিল্লুর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, আবদুল হান্নানের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলা আছে।