
রাজশাহী শিক্ষা বোর্ডে কয়েক বছরের মতো এবারও এসএসসি পরীক্ষায় মেয়েরা পাস করেছে বেশি। তবে জিপিএ-৫-এ ছেলেরা এগিয়ে। পাসের হারে বিজ্ঞান, মানবিক ও বণিজ্য—তিন বিভাগেই মেয়েরা এগিয়ে রয়েছে।
এবার রাজশাহী বোর্ডে বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৮ দশমিক ৭৩। এর মধ্যে ছাত্রীদের পাসের হার ৯৯ দশমিক ০২। ছাত্রদের পাসের হার ৯৮ দশমিক ৫৩। বাণিজ্য বিভাগে পাসের হার ৯৫ দশমিক ১৫। এর মধ্যে ছাত্রীদের পাসের হার ৯৬ দশমিক ১৭ ও ছাত্রদের হার ৯৪ দশমিক ৫৮। মানবিক বিভাগে এবার পাসের হার ৯১ দশমিক ৭৪। এর মধ্যে ছাত্রীদের পাসের হার ৯২ দশমিক ৫২ এবং ছাত্রদের ৯০ দশমিক ৭১। এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ১৫ হাজার ৮৭৩। এর মধ্যে ছাত্র ৮ হাজার ৬১২ ও ছাত্রী ৭ হাজার ২৬১ জন।
গত বছরও একইভাবে তিন বিভাগেই ছাত্রীদের পাসের হার বেশি ছিল। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ১৯ হাজার ৮১৫। এর মধ্যে ছাত্র ১০ হাজার ৮২৫ ও ছাত্রী ৮ হাজার ৯৯০ জন।
রাজশাহী মহানগরের বিদ্যালয়গুলোর মধ্যে রাজশাহী কলেজিয়েট স্কুল সবচেয়ে ভালো করেছে। এই স্কুলের প্রধান শিক্ষক নূরজাহান বেগম বলেন, মেয়েরা পড়াশোনায় ছেলেদের তুলনায় বেশি মনোযোগী। বাইরের জগতের দিকে তাদের টান কম। ছেলেদের বাইরের দিকে টান বেশি। মুঠোফোন, খেলাধুলাসহ নানা কিছুতে তারা ব্যস্ত থাকে। তাদের চিন্তা নানাভাবে বিভক্ত। এ জন্যই মেয়েরা পড়াশোনায় এগিয়ে যাচ্ছে।
রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল কালাম আজাদ বলেন, সরকার বিভিন্নভাবে মেয়েদের সহযোগিতা করছে। উপবৃত্তি প্রদান করছে। এ ছাড়া মেয়েদের অভিভাবকদের মধ্যেও সচেতনতা বেড়েছে। এসব কারণে মেয়েরা গড়ে ছেলেদের চেয়ে পাসের হারে এগিয়ে যাচ্ছে।