মেয়েসন্তান পছন্দ নয়, তাই হত্যা?
রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের চিকলী নদীর ডোমের ঘাট এলাকা থেকে রিয়া আক্তার নামের ছয় মাসের এক শিশুর লাশ গত রোববার উদ্ধার করেছে পুলিশ। রিয়া পাশের নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের রবিউল ইসলামের মেয়ে।
মেয়েসন্তান পছন্দ না করায় রবিউল তাঁর মেয়েকে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রবিউলের বিরুদ্ধে তাঁর স্ত্রী চায়না বেগম বাদী হয়ে সৈয়দপুর থানায় গতকাল সোমবার হত্যা মামলা করেছেন।
চায়না বেগম বলেন, শনিবার রাতে দুই মেয়ে রিভা আক্তার (৫) ও রিয়াকে নিয়ে তিনি ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে নয়টার দিকে হঠাৎ ঘুম ভাঙলে তিনি দেখতে পান রিয়া তাঁর পাশে নেই। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে শিশুটির সন্ধান শুরু করেন। তখন চায়নার স্বামী রবিউল ইসলাম বাড়িতে ছিলেন না। চায়না অভিযোগ করেন, তিনি যখন ঘুমিয়ে ছিলেন, তখন তাঁর স্বামী রিয়াকে চুরি করে শ্বাসরোধে হত্যা করেন। ঘটনার পর থেকে রবিউলকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনামুল হক বলেন, ‘রবিউলের আচরণ রহস্যজনক মনে হয়েছে। শিশুটির লাশ রোববার উদ্ধার হওয়ার পর রবিউল আমার সঙ্গে দেখা করেছিলেন। আমি তাঁকে তারাগঞ্জে গিয়ে লাশ শনাক্ত করতে বলেছিলাম। কিন্তু সেখানে যাননি তিনি। মেয়েসন্তান জন্ম দেওয়ায় রবিউল তাঁর স্ত্রীকে প্রায়ই নির্যাতন করতেন বলে আমি জানতে পেরেছি।’
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় গতকাল চায়না বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।