মেরাদিয়ায় বাঁশের খুঁটিতে বিদ্যুতের লাইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেরাদিয়ার দুই-তৃতীয়াংশ এলাকায় বিদ্যুতের পাকা খুঁটি নেই। বাঁশের খুঁটিতে তার টানিয়ে সংযোগ দেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণভাবে ঝুলছে বিদ্যুতের তার। বেশির ভাগ সড়ক খানাখন্দ। সড়কের ওপর রয়েছে অবৈধ দোকানপাট। নেই কোনো ফুটপাত। অলিগলিতে প্রকাশ্যে বিক্রি হচ্ছে মাদক। কোনো ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ।
এ ছাড়া এলাকায় মশার উপদ্রব, সড়কবাতি না থাকা, ময়লা-আবর্জনা নিয়মিত পরিষ্কার না করা, বৃষ্টি হলেই জলাবদ্ধতা, বিশুদ্ধ পানির সংকট, ব্যাটারিচালিত অবৈধ রিকশা চলাচলসহ বিভিন্ন সমস্যা রয়েছে।
গোড়ান এলাকাটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) তিন নম্বর ওয়ার্ডের অধীনে। ভূঁইয়াপাড়া, মেরাদিয়া, নবীনবাগ, আনসারবাগ, মধ্যপাড়া, লালমিয়া হোটেল গলি, নয়াপাড়া, হিন্দুপাড়া, আঙ্গারজোড়া, দক্ষিণ বনশ্রী (একাংশ), রামপুরা-বনশ্রী প্রধান সড়ক-সংলগ্ন এইচ ব্লক, ই থেকে জে ব্লক নিয়ে এই ওয়ার্ড গঠিত। এই ওয়ার্ডের ভোটার প্রায় ৪৮ হাজার। বাসিন্দার সংখ্যা প্রায় দুই লাখ।
গত রোববার সরেজমিনে দেখা যায়, মেরাদিয়ার লালমিয়া গলি, নয়াপাড়া, হিন্দুপাড়া এলাকার প্রধান ও গলির সড়কের দুপাশে বাঁশের খুঁটিতে ঝুলছে বিদ্যুতের সংযোগ লাইন। এসব খুঁটি থেকে বিদ্যুতের তার বিভিন্ন বাড়িতে মিটারে সংযোগ দেওয়া রয়েছে। বাসার ছাদ ও বারান্দা ঘেঁষে এক বাড়ি থেকে আরেক বাড়িতে নেওয়া হয়েছে বিদ্যুতের সংযোগ লাইন। ভূঁইয়াপাড়া থেকে বনশ্রী ও সিপাহীবাগ থেকে মেরাদিয়া হাটের প্রধান সড়ক ছাড়া কোথাও বিদ্যুতের বড় কোনো খুঁটি নেই। মেরাদিয়ার অন্যান্য এলাকায়ও একই চিত্র দেখা গেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাঁশের খুঁটিতে বিদ্যুতের সংযোগ নেওয়ায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ১১১/৩/গ, লালমিয়া হোটেলের গলির বাসিন্দা মহসিন আবির বলেন, প্রধান সড়কের কয়েকটি খুঁটি ঝুঁকিপূর্ণ। বাঁশের খুঁটিই একমাত্র ভরসা। এতে কিছুদিন পরপরই বিভিন্ন মহল্লায় বিদ্যুৎস্পৃষ্টে দুর্ঘটনা ঘটছে। একই গলির বাসিন্দা মোজাম্মেল হোসেন বলেন, বিদ্যুতের খুঁটি না থাকার পরও যত্রতত্র বিদ্যুতের সংযোগ দিচ্ছেন ডেসার কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী। মহল্লাবাসীর পক্ষ থেকে খুঁটির জন্য একাধিকবার ডেসার কাছে আবেদন করা হয়েছে। কিন্তু কাজ হচ্ছে না।
তা ছাড়া এই এলাকার প্রায় প্রতিটি সড়ক ভাঙাচোরা। প্রায় সব গলির মোড়েই রয়েছে অবৈধ দোকান। সড়কের ওপর ছড়িয়ে রয়েছে ময়লা-আবর্জনা। যান চলাচল করলেই বাতাসে ওড়ে ধুলাবালি।
২০১৫ সালের ২৮ এপ্রিল ডিএসসিসির নির্বাচনের আগে গোড়ানের সব সড়ক সংস্কার, কমিউনিটি সেন্টার নির্মাণ, মহল্লার অলিগলি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জলাবদ্ধতা নিরসন, মাদক নিয়ন্ত্রণ, মশার উপদ্রব কমানোসহ বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিলেন এই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাকসুদ হোসেন। নির্বাচিত হয়ে দেড় বছর পর শুধু এই ওয়ার্ডের মাত্র এক-তৃতীয়াংশ সড়ক সংস্কার করেছেন তিনি। বাকি কোনো প্রতিশ্রুতি এখনো বাস্তবায়িত হয়নি।
মেরাদিয়ায় নিয়মিত মশার ওষুধ ছিটানো হয় না বলে অভিযোগ করেছেন ভূঁইয়াপাড়ার বাসিন্দা সোহেল রানা। তিনি বলেন, এই মৌসুমে শহরের ডোবা-নালায় ব্যাপক মশা জন্মায়। কিন্তু ডিএসসিসি থেকে নিয়মিত ওষুধ দেওয়া হয় না। মশার উৎপাতে সবাই অতিষ্ঠ হয়ে পড়ছেন।
আঙ্গারজোরার বাসিন্দা শাহিন আলম বলেন, মেরাদিয়ার প্রতিটি মহল্লায় মাদকে সয়লাব হয়ে গেছে। প্রতিদিন সন্ধ্যার পর মহল্লার গলির সড়কে প্রকাশ্যে মাদক বিক্রি হয়।
স্থানীয় বাসিন্দারা বলেন, মেরাদিয়ায় গড়ে ৭০ শতাংশ সড়ক ৮ থেকে ১০ ফুট পর্যন্ত প্রশস্ত। এসব সড়কে ব্যক্তিগত ছোট গাড়ি ছাড়া বড় কোনো যানবাহন চলাচল করতে পারে না। বিপরীত দিক থেকে একসঙ্গে দুটি ব্যক্তিগত গাড়ি ঢুকলে সড়কে লেগে যায় যানজট। তা ছাড়া এই সড়কের ওপরই রয়েছে অবৈধ দোকানপাট।
নবীনবাগের বাসিন্দা শরিফুল ইসলাম বলেন, এই ওয়ার্ডের কোনো সড়কেই ফুটপাত নেই। সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। অবস্থা এমনও হয় যে গাড়ির সঙ্গে পথচারীদেরও দাঁড়িয়ে থাকতে হয়। সড়কের ময়লা-আবর্জনা নিয়মিত পরিষ্কার করেন না ডিএসসিসির পরিচ্ছন্নতাকর্মীরা। অন্যদিকে ডিএসসিসির ময়লা রাখার পাত্রগুলো (ওয়েস্ট বিন) সঠিকভাবে ব্যবহার করছে না বাসিন্দারা।

>সিটি করপোরেশন নির্বাচন শেষ হয়েছে প্রায় দেড় বছর হলো। এই সময়ে রাজধানীর অনেক স্থানেই লেগেছে উন্নয়নের ছোঁয়া। আবার কোথাও এখনো কোনো কাজই হয়নি। নির্বাচিত কাউন্সিলররাই বা কী করছেন? আবার নতুন করে যেসব এলাকা অন্তর্ভুক্ত হয়েছে, সেসব এলাকায় হাতই দেয়নি দুটি করপোরেশন। এ নিয়ে ভোটারদের মধ্যে আছে নানা ক্ষোভ-আক্ষেপ। এলাকার সমস্যা, সম্ভাবনা, অভাব-অভিযোগ, সুবিধা-অসুবিধা নিয়ে নিয়মিত প্রকাশিত হচ্ছে ওয়ার্ডের চালচিত্র
মাকসুদ হোসেন
মাকসুদ হোসেন

ডেসা ব্যবস্থা নিচ্ছে না
কাউন্সিলর মাকসুদ হোসেন গতকাল তাঁর এলাকার সমস্যা নিয়ে বিভিন্ন বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন। বিদ্যুতের খুঁটির বিষয়ে তিনি বলেন, মেরাদিয়ায় বিদ্যুতের খুঁটি বসাতে ডেসাকে অনেকবার বলা হয়েছে। কিন্তু তারা কোনো উদ্যোগ নিচ্ছে না। অথচ বাঁশের খুঁটিতে বিদ্যুতের লাইনের ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
সড়ক সংস্কারের বিষয়ে কাউন্সিলর বলেন, গত দেড় বছরে প্রায় নয় কোটি টাকা ব্যয়ে প্রায় ১৫ কিলোমিটার সড়ক সংস্কার করা হয়েছে। বাকি সড়কগুলো সংস্কার করার কাজ চলছে। পাশাপাশি মেরাদিয়ার বাড়ির মালিকদের উদ্যোগে সড়কের প্রশস্ততা বাড়ানো হবে।
মাদকের বিস্তারের বিষয়ে মাকসুদ হোসেন বলেন, মহল্লার প্রায় ৯০ শতাংশ বাসাবাড়িতে ইয়াবা বা মাদকসেবী রয়েছে। এর একটি বড় অংশ তরুণ। তারা রাতের বেলা মাদক সেবন করে রাস্তায় ছিনতাই করে। এই সমস্যা সমাধানে পুলিশকে সবচেয়ে বেশি আন্তরিক হতে হবে।
সড়কে ময়লা-আবর্জনা ও মশার উৎপাতের বিষয়ে মাকসুদ বলেন, গত বছর ডিএসসিসির পরিচ্ছন্ন বছর উপলক্ষে তাঁর ওয়ার্ডে ১০০টি ওয়েস্ট বিন স্থাপন করা হয়। কিন্তু মহল্লার মানুষ বাসাবাড়ির বর্জ্য রেখে অনেক বিন নষ্ট করে ফেলেছে। কিছু বিন চুরি হয়েছে এবং ভেঙে গেছে। এতে মানুষ সড়কের ওপরই চিপসের প্যাকেট, পলিথিন ইত্যাদি ফেলছে। এই এলাকায় নিয়মিত মশার ওষুধ ছিটাতে ডিএসসিসির সংশ্লিষ্ট বিভাগকে বলা হয়েছে।