
রাতের বেলায় পিচ ঢেলে আর কে মিশন রোডের একটি অংশ মেরামত করা হয়েছিল। দায়সারা মেরামতের কারণে এখন বৃষ্টি হলেই সেখানে পানি জমে যাচ্ছে। একই সড়কের বাকি অংশ দীর্ঘদিন মেরামত না করায় বিধ্বস্ত অবস্থায় আছে। সেই অংশ থেকে তিন দিন আগে হওয়া বৃষ্টির পানিও সরে না।
গতকাল বুধবার এলাকা ঘুরে এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলে এই চিত্র পাওয়া যায়।
গোপীবাগ দ্বিতীয় গলির (লেন) বিপরীত দিকের ২০ ফুট রাস্তাটি আর কে মিশন রোডের একটি অংশ। আবাসিক এলাকা হলেও সেখানে বহুতল শিক্ষাপ্রতিষ্ঠানসহ পাশাপাশি চারটি বহুতল ভবন নির্মিত হচ্ছে। নির্মাণাধীন ভবনগুলোর সামনে রাস্তার অনেকখানি অংশজুড়ে ভাঙা ইটের স্তূপ, বালু, মিক্সচার মেশিন পড়ে থাকত দুই মাস আগেও। ভারী যানবাহন চলার কারণে সড়কটির করুণ অবস্থা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ থাকলেও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও দক্ষিণ সিটি করপোরেশন থেকে এ বিষয়ে নির্মাণকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
গতকাল সকালে দেখা যায়, বিধ্বস্ত সড়কে পানি জমে আছে। সেই পানির নিচে বড় বড় গর্ত। এলাকাবাসী বলেন, ভবনগুলোয় টানা কাজ চলার কারণে রাস্তার বিভিন্ন অংশ ভেঙে গেছে। এমনকি কোথাও কোথাও পানির পাইপলাইনে ফাটলও ধরেছে। এখন বৃষ্টি না হলেও রাস্তায় জমে আছে পানি। এতে রিকশা, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। বৃষ্টি হলে সড়কটি তলিয়ে যায় পানিতে। আর বৃষ্টির তিন দিন পরও সেখান থেকে পানি সরে না।
স্থানীয় একটি মনিহারি দোকানের কর্মচারী দিলদার বললেন, এই রাস্তায় নিয়মিত রিকশা ও মোটরসাইকেল উল্টে পড়ার ঘটনা ঘটছে। জমে থাকা পানির নিচে ভাঙা রাস্তা দেখা যায় না। সিটি করপোরেশনের কোনো লোকজনও এসব দেখতে আসেন না।
সড়কটি দক্ষিণ দিকে সামান্য বাঁক নিয়ে চলে গেছে বেঙ্গল স্টুডিওর দিকে। মাঝে রয়েছে বিপণিবিতান ‘ওয়ান টু হানার’। প্রায় দেড় মাস আগে ওই সড়কটির বিধ্বস্ত অবস্থা নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছিল প্রথম আলোয়। গতকাল এলাকায় গেলে স্থানীয় বাসিন্দা ও দোকানিরা বলেন, প্রতিবেদনটি প্রকাশের তিন-চার দিনের মাথায় রাতের বেলায় সড়কের দুপাশে বাঁশ ফেলে সব ধরনের চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে সেখানে ট্রাকযোগে আনা হয় গরম পিচ ঢালা কংক্রিট। সড়কের গর্তগুলো ভালো করে ভরাট না করেই ফেলা হয় কংক্রিট। গভীর রাত পর্যন্ত চলে ট্রাকের বিকট শব্দ, শ্রমিকদের হইহল্লা। পরদিনও একই কাজ করা হয়। কিন্তু কয়েক দিনের মধ্যেই দেখা যায়, মেরামত করা সড়কের কিছু অংশের নিচের মাটি দেবে গেছে। এখন বৃষ্টি হলেও সেসব অংশে পানি জমে যায়।
একই সড়কের দুটি অংশের অবস্থা নিয়ে জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. নূরুল আমিন বলেন, সড়কটির মেরামত করা অংশে কেন পানি জমে, তা খতিয়ে দেখা হবে। বৃষ্টির কারণে বর্তমানে বিভিন্ন সড়কের মেরামতকাজ বন্ধ আছে। পরে পর্যায়ক্রমে সব সড়কই মেরামতের আওতায় আসবে।