
সংস্কারের অভাবে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কোনাখোলা-আটি সড়কটি বেহাল দশায় পৌঁছেছে। প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত। এতে যানবাহন চলাচলে মারাত্মক সমস্যা হচ্ছে। প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। পথচারী ও গাড়ির যাত্রীদের দুর্ভোগ পৌঁছেছে চরমে।
সর্বশেষ চার-পাঁচ বছর আগে গুরুত্বপূর্ণ এ সড়কটি সংস্কার করা হয়। এরপর মেরামত না করায় সড়কজুড়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত আর খানাখন্দ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মালঞ্চ, নুরুন্ডি, খোলামোড়া, বামনশুড়, নয়াবাজার উচ্চবিদ্যালয় ও আটি পাচদোনা এলাকার ছায়ানীড় কমিউনিটি সেন্টার এলাকার অবস্থা সবচেয়ে খারাপ। এসব জায়গায় বিটুমিন ও ইট-পাথর উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনা এড়াতে যানবাহন চলছে ধীরগতিতে।
গতকাল শুক্রবার সকালে সরেজমিনে গিয়ে কথা হয় সিএনজিচালিত অটোরিকশাচালক মো. সেলিমের সঙ্গে। তিনি কোনাখোলা থেকে আটি বাজার সড়কে অটোরিকশা চালান। সেলিম জানান, দীর্ঘদিন ধরেই সড়কটির বেহাল অবস্থা। এ সড়কে গাড়ি চালানো কঠিন হয়ে পড়েছে।
ভ্যানচালক বেলাল জানান, ভাঙাচোরা রাস্তায় ভ্যান চালাতে গিয়ে প্রায়ই নাটবল্টু খুলে পড়ে যায়। এর ফলে সারা দিন ভ্যান চালিয়ে যা রোজগার হয়, তার একটা অংশ মেরামতেই শেষ হয়ে যায়।
একই কথা জানালেন নয়াবাজার-আটি রুটের বাসচালক ফিরোজ মিয়া। নগর পরিবহনের এই চালক বলেন, রাস্তার দূরবস্থার কারণে প্রতিদিনই গাড়ি মেরামত করতে হয়।
আটি পাচদোনা এলাকার বাসিন্দা মো. চান মিয়া জানান, একদিকে ধুলোবালি, অন্যদিকে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। সড়কটির কারণে এলাকাবাসী চরম বিপদে। বিপাকে পথচারীরাও।
রাস্তার দূরবস্থার কথা স্বীকার করে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহিন আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে রাস্তাটি নষ্ট। মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। জনগণের স্বার্থে সড়কটি সংস্কার করা দরকার।
জানতে চাইলে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান প্রথম আলোকে বলেন, ‘সড়কটির কোনাখোলা থেকে কলাতিয়া বাজার পর্যন্ত সংস্কারে ইতিমধ্যে দরপত্র প্রক্রিয়া শেষ হয়েছে। আশা করছি, শিগগিরই সংস্কারের কাজ শুরু হবে।’