
পাবনার বেড়া উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ধসে পড়া যমুনার তীর রক্ষা বাঁধের মেরামতের কাজ এখনো শুরু হয়নি। অথচ ধস দেখা দেওয়ার পর পাঁচ সপ্তাহেরও বেশি সময় পার হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) মেরামতের কাজ শুরু না করায় ধস দেখা দেওয়া অংশের বিস্তৃতি যেমন বেড়ে চলেছে তেমনি এর পাশের একটি অংশে নতুন করে ধস দেখা দিয়েছে।
এলাকাবাসী ও পাউবো সূত্রে জানা যায়, গত মাসের (নভেম্বর) মাঝামাঝি সময়ে বেড়া উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের পেঁচাকোলায় তীর রক্ষা বাঁধে ধস দেখা দেয়। এলাকাবাসীর অভিযোগ, যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণেই বাঁধের সিসি ব্লকগুলো নদীতে ধসে যেতে থাকে। এ নিয়ে গত ২৫ নভেম্বর প্রথম আলোয় ‘বেড়ায় তীর রক্ষা বাঁধে ধস’ শিরোনামে সচিত্র সংবাদ প্রকাশিত হলে প্রশাসন ও পাউবো তৎপর হয়। পাউবোর কর্মকর্তারা ধসে যাওয়া অংশ দফায় দফায় পরিদর্শন করে সংশ্লিষ্ট কার্যালয়ে প্রতিবেদন পাঠান এবং প্রশাসন অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযানে নামে। ৭ ডিসেম্বর বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা খানম র্যাব ও পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত গঠন করে এক বালু উত্তোলনকারীকে ২ লাখ টাকা জরিমানা করেন। সেই সঙ্গে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত তিনটি নৌকাসহ খননযন্ত্র (ড্রেজার) জব্দ করে পুলিশ হেফাজতে দেওয়া হয়। এরপর থেকে বালু উত্তোলন অনেকটা কমে গেলেও পুরোপুরি তা বন্ধ হয়নি।
এলাকাবাসী জানান, আগে প্রতিদিন দেড় শতাধিক নৌকা ও খননযন্ত্রের সাহায্যে দিনে-রাতে বালু উত্তোলন করা হতো। তবে প্রশাসনের অভিযান শুরু হওয়ার পর থেকে উত্তোলনকারী নৌকার সংখ্যা অনেক কমে গেছে। এ ছাড়া বালু উত্তোলন করা হচ্ছে কিছুটা রাখঢাক করে।
ইউএনও ফারজানা খানম বলেন, বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ ছাড়া বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের ব্যাপারে পাউবো কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে গত রোববার সরেজমিনে ধসে যাওয়া অংশের কাছে গিয়ে দেখা গেছে, সেখানে ধসের বিস্তৃতি বেড়েছে। এই স্থানে তীর রক্ষার জন্য যে সিসি ব্লকগুলো স্থাপন করা হয়েছিল তার অনেকগুলো নদীতে চলে গেছে। এ ছাড়া ধসে যাওয়া অংশ থেকে কিছুটা উজানে নতুন করে ধস দেখা দিয়েছে। এ অবস্থায় এলাকাবাসী চরম আতঙ্কগ্রস্ত।
হাটুরিয়া-নাকালিয়া ইউপির সদস্য ও পেঁচাকোলা গ্রামের বাসিন্দা সেল্টু শেখ বলেন, সময়মতো মেরামত না করায় দিনকে দিন ধসের জায়গা বাড়ছে। নতুন একটি স্থানে ধস দেখা দিয়েছে। এ অবস্থায় ভাঙন আতঙ্কে শত শত পরিবারের রাতের ঘুম চলে গেছে। পাউবো বেড়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবদুল হামিদ বলেন, ‘মেরামতের কাজটির নকশা করার দায়িত্ব পাউবোর কৈতলা বিভাগের। নকশা অনুমোদন হলে দ্রুত দরপত্র আহ্বানের মাধ্যমে আমাদের (বেড়া) ও কৈতলা বিভাগের মাধ্যমে মেরামতকাজটি সম্পন্ন হবে।’
পাউবোর কৈতলা বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব বলেন, ‘বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। নকশা অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। নকশা অনুমোদন সাপেক্ষে ঠিকাদার নির্বাচিত হলেই মেরামতের কাজ শুরু হবে।’