মেরামত হয় না দীর্ঘদিন, গ্রাহক ভোগান্তি চরমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ডিজিটাল এক্সচেঞ্জের যন্ত্রপাতি ও লাইন দীর্ঘদিন ধরে মেরামত হচ্ছে না। এতে গ্রাহকদের ভোগান্তি চরমে উঠেছে।
উপজেলার ধানগড়া ইউনিয়নের গ্রাহক জাহাঙ্গীর আলম বলেন, ‘আমার লাইনটি এক বছর নষ্ট ছিল। বিষয়টি বিটিসিএল কার্যালয়ে জানালেও তারা মেরামতের কোনো পদক্ষেপ নেয়নি। বাধ্য হয়ে ছয় মাস আগে সেটি ছেড়ে দিই। এখন বেসরকারি মুঠোফোনে কাজ সারছি।’ তিনি অভিযোগ করেন, বিটিসিএলের কর্মচারী-কর্মকর্তাদের লাইন মেরামতে বা গ্রাহকসেবার প্রতি কোনো আগ্রহ নেই। তাঁদের ভাবটা এ রকম যে লাইন বাড়লেও তাঁদের বেতন বাড়বে না, আবার লাইন কমলেও বেতন কমবে না। অতএব, গ্রাহকের কী হলো তাতে তাঁদের কিছু আসে-যায় না।
বিটিসিএলের কার্যালয় সূত্র জানায়, ২০০১ সালে এক্সচেঞ্জটি এনালগ থেকে ডিজিটালে উন্নীত করা হয়। এনালগ অবস্থায় সর্বোচ্চ ৪০টি লাইন দেওয়া যেত। ডিজিটাল করার পর এ ক্ষমতা বেড়ে ২০০ হয়। শুরুতে ১৮০ জন গ্রাহক টেলিফোন লাইন নেন। বর্তমানে ৪০ জনের মতো গ্রাহক আছেন। এঁদের অধিকাংশই সরকারি কর্মকর্তা। উপজেলা সদর, ধানগড়া, রণতিথা, মহেশপুর, রায়গঞ্জ, লক্ষ্মীকোলা, সিমলা এবং প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরের চান্দাইকোনা বাজার এই এক্সচেঞ্জের আওতায় রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে যন্ত্রপাতি ও লাইন মেরামত করা হচ্ছে না। ফলে নানামুখী ভোগান্তিতে পড়তে হচ্ছে গ্রাহকদের।
বিটিসিএল কার্যালয় ও গ্রাহক সূত্রে জানা গেছে, গত এক বছরে কমপক্ষে ৫০ জন গ্রাহক সংযোগ বিচ্ছিন্ন করার জন্য আবেদন করেছেন। এ ছাড়া যন্ত্রপাতি ও লাইনের সমস্যার কারণে বন্ধ রয়েছে শতাধিক টেলিফোন। তবে সংযোগ বিচ্ছিন্ন থাকলেও বন্ধ নেই গ্রাহকের মাসিক বিল। বেশ কিছু গ্রাহকের কাছে প্রতি মাসে বিলের কাগজ পৌঁছে দেওয়া হচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে আছেন চান্দাইকোনা এলাকার ৫০ জন গ্রাহক। তাঁদের প্রায় সব টেলিফোনই দীর্ঘদিন ধরে বিকল পড়ে আছে। এসব টেলিফোনে বছরের বেশির ভাগ সময় ডায়াল টোন থাকে না।
উপজেলা বিটিসিএল এক্সচেঞ্জের অপারেটর জোসনা বেগম বলেন, ‘টেলিফোন লাইন বিকল হলে গ্রাহক লিখিত অভিযোগ করে যান, আমরা সঙ্গে সঙ্গে তা কর্তৃপক্ষকে জানাই।’
লাইনম্যান আবদুল লতিফ বলেন, ‘অভিযোগ পেলে নষ্ট লাইন মেরামত করি।’ বিভিন্ন কারণে কিছু গ্রাহক টেলিফোন সংযোগ বিছিন্ন করার আবেদন করেছেন বলেও জানান তিনি।
তিনজন গ্রাহক অভিযোগ করেন, লাইন নষ্ট হলে অফিসে জানালেই লাইনম্যান বলেন, ভূগর্ভস্থ কেব্ল কিনে দিলে লাইন ঠিক করে দেওয়া যাবে। অন্যথায় সম্ভব নয়। যেসব গ্রাহক কিনে দিতে পারেন কিংবা টাকা দিয়ে দেন, তাঁর লাইন ঠিক করা হয়। অন্যদের লাইন বিকল থাকে।
চান্দাইকোনা বাজারের সুব্রত কুমার ঘোষ বলেন, ‘অনেক সুবিধার কথা শুনে বিটিসিএলের টেলিফোন নিয়েছি। কিন্তু এখন না পারি কথা বলতে, না পারি কথা শুনতে। বেসরকারি মুঠোফোনই এখন ভরসা।’ ধানগড়া এলাকার শের আলী সরকার অভিযোগ করেন, ‘লাইনম্যানদের নানামুখী আবদার মেটাতে পারলে লাইন ঠিক থাকে, না পারলে লাইন নাই। তাই ধৈর্য হারিয়ে একসময় বিটিসিএলের টেলিফোন ছেড়ে দিই।’ একই ধরনের অভিযোগ করেন স্থানীয় কামরুল ইসলাম, জাহাঙ্গীর আলম সরকার, গোলাম মোক্তাদির, মোত্তাকিন তালুকদারসহ কয়েকজন গ্রাহক।