মেরামতের এক বছর পরেই দুই কিলোমিটার বেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে পিচঢালাই ও ইট উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। রোডের চাষাঢ়ার চাঁদমারী এলাকা থেকে গতকাল তোলা ছবি l প্রথম আলো
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে পিচঢালাই ও ইট উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। রোডের চাষাঢ়ার চাঁদমারী এলাকা থেকে গতকাল তোলা ছবি l প্রথম আলো

১২ কোটির বেশি টাকা খরচ করে মেরামত করার এক বছর পরেই ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের (সাইনবোর্ড থেকে চাষাঢ়া) প্রায় দুই কিলোমিটার অংশ ভেঙে বেহাল হয়ে পড়েছে। ওই অংশের বিভিন্ন স্থানে পিচঢালাই, পাথর ও ইটের খোয়া উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত।
সড়কের এই অংশের গর্তে পড়ে প্রায়ই যানবাহন আটকে থাকছে। ঝুঁকি এড়াতে এই অংশ দিয়ে ধীরগতিতে যান চলাচল করায় নারায়ণগঞ্জ নগরে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীদের পড়তে হয় চরম ভোগান্তিতে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, সড়কটির চাষাঢ়া রাইফেল ক্লাব থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত প্রায় দুই কিলোমিটার অংশের বিভিন্ন স্থান ভেঙে গেছে। কোথাও কোথাও পিচ, পাথর ও ইটের খোয়া উঠে বড় বড় খানাখন্দ তৈরি হয়েছে। গত ঈদুল আজহার কয়েক দিন আগে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর ভাঙা অংশে বালু ও ইট বিছিয়ে দিয়েছিল। কিন্তু যানবাহনের চাপে সেই ইট ভেঙে গেছে।
নগরের ট্রাফিক পুলিশের উপপরিদর্শক (এসআই) শরফুদ্দিন বলেন, বৃষ্টিতে সংযোগ সড়কের আজগর ফিলিং স্টেশন থেকে চাঁদমারী রেললাইন এলাকা পর্যন্ত ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ কারণে সড়কটি দিয়ে ধীরগতিতে যান চলাচলের কারণে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। তা ছড়িয়ে পড়ছে নগরের অন্যান্য রাস্তায়। যানজট নিয়ন্ত্রণ করতে ট্রাফিক পুলিশকে হিমশিম খেতে হচ্ছে।
নারায়ণগঞ্জ সওজ সূত্রে জানা গেছে, এ সড়কের দৈর্ঘ্য আট কিলোমিটার। রানা বিল্ডার্স প্রাইভেট লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান গত বছরের ৬ এপ্রিল থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত লিংক রোডের প্রথম দুই কিলোমিটার অংশ ১২ কোটি ১১ লাখ ৭০ হাজার ৯৫৫ টাকায় সংস্কার করে।
সওজের নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী রোশনি এ ফাতিমা গত ১৬ আগস্ট রানা বিল্ডার্সকে লেখা এক চিঠিতে বলেন, রোডের বিভিন্ন অংশে বড় বড় গর্ত তৈরি হয়েছে। জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত এসব অংশ মেরামত করা প্রয়োজন। এই চিঠি দেওয়ার কয়েক দিন পর রোশনি এ ফাতিমা অন্য স্থানে বদলি হয়ে যান। বক্তব্য জানতে রানা বিল্ডার্সের স্বত্বাধিকারী মোহাম্মদ আলমের মুঠোফোনে একাধিকবার রিং করলেও তিনি ধরেননি। পরে খুদে বার্তা পাঠালেও তিনি এর কোনো জবাব দেননি।
নগরের জামতলা এলাকার আবু তাহের বলেন, ‘বাসা থেকে ঢাকার মতিঝিলে অফিস করি। কিন্তু ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের দুই কিলোমিটার ভাঙা অংশ পার হতে গিয়ে দুর্ভোগের শিকার হতে হয়।’
দক্ষিণ সস্তাপুর এলাকার মার্জিয়া তালুকদার বলেন, ‘ভাঙা সড়কের কারণে পুরো শহরই যানজটের নগরে পরিণত হয়। মনে হচ্ছে, সড়কটি দেখার কেউ নেই।’
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন গাড়িমালিক বলেন, এই ভাঙা রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে তাঁদের গাড়িগুলো প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে। এতে গাড়ির যন্ত্রাংশ বিকল হচ্ছে। এতে তাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
সওজ নারায়ণগঞ্জ কার্যালয়ের বিভাগীয় প্রকৌশলী সামসুউদ্দিন আহম্মেদ বলেন, ‘আমি এখানে নতুন এসেছি। খোঁজখবর নিয়ে সড়কটি সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।’