মেরামতের এক বছরেই বেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে ছোট–বড় গর্তের সৃষ্টি হয়েছে। ভেদরগঞ্জ উপজেলা মোড় থেকে সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে ছোট–বড় গর্তের সৃষ্টি হয়েছে। ভেদরগঞ্জ উপজেলা মোড় থেকে সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক সংস্কারের এক বছরের মধ্যেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কজুড়ে খানাখন্দ ও গর্তের সৃষ্টি হয়ে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। এতে যাত্রী ও পথচারীরা দুর্ভোগে পড়ছে।
শরীয়তপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কটি আলুর বাজার ফেরিঘাট থেকে শরীয়তপুর পৌরসভার মনোহর বাজার পর্যন্ত ২২ কিলোমিটার। এ সড়ক দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার পণ্যবাহী ও যাত্রীবাহী গাড়ি চট্টগ্রাম অঞ্চলে যাতায়াত করে। সড়কটি সংস্কারের জন্য ২০১৩-২০১৪ অর্থবছরে ২২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। পাবনার শফিক ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কটির মেরামতের কাজ সম্পন্ন করে। ২০১৪ সালের ৩০ জুন প্রতিষ্ঠানটি কাজ শেষ করে পাওনা উত্তোলন করে নিয়ে যায়। চলতি বছর জুনের পর থেকেই সড়কটিতে আবার খানাখন্দের সৃষ্টি হয়।
সরেজমিনে দেখা যায়, সড়কের সাজনপুর থেকে গাজীপুর সেতু পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সেখানে প্রায় ২০টি স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সওজ কর্তৃপক্ষ গর্তগুলোতে ইট ও বালু দিয়ে ভরাট করে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছে।
এই পথে মালামাল নিয়ে যাতায়াত করেন মাছ ব্যবসায়ী সাখাওয়াত হোসেন। তিনি শরীয়তপুর সদর থেকে আলুর বাজার পর্যন্ত যান। সাখাওয়াত বলেন, গর্তে গাড়ি আটকে গেলে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়।
যশোরের বেনাপোল স্থলবন্দর থেকে চট্টগ্রামগামী ট্রাকের চালক দিদারুল ইসলাম বলেন, পণ্যবোঝাই গাড়ি নিয়ে এ সড়ক দিয়ে যাতায়াত করা অত্যন্ত ঝুঁকির। গর্তের মধ্যে প্রায়ই গাড়ি দুর্ঘটনায় পড়ে।
এ বিষয়ে জানার জন্য শফিক ট্রেডার্সের মালিক শফিকুল ইসলামের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি।
শরীয়তপুর সওজের নির্বাহী প্রকৌশলী মিন্টু রঞ্জন দেবনাথ বলেন, সারা জেলার সড়ক সংস্কারের জন্য সাড়ে তিন কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। এখান থেকে দুই কোটি টাকা দিয়ে এ সড়কের কিছু অংশ সংস্কার করা হবে।